বনগাঁ কাণ্ডে নতুন মোড়! সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মিমি চক্রবর্তী

Spread the love

Mimi Chakraborty: চলতি বছরে জানুয়ারি মাসে বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে যে সমস্যা তৈরি হয় মিমি চক্রবর্তীকে ঘিরে, সেটা এখনও বর্তমান। প্রথমে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মিমি চক্রবর্তীর অভিযোগ দায়ের, তনয়ের জেল হওয়া এবং তারপর মিমির বিরুদ্ধে তনয়ের আইনি পদক্ষেপ, এই সবকিছুই চলছে বিগত কয়েক মাস ধরে।

তবে এবার বিজেপি নেতা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন মিমি চক্রবর্তী। সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। খুব সম্ভবত আগামীকাল অর্থাৎ সোমবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আগামী দিনে এই ঘটনাটি কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

বনগাঁ কাণ্ড প্রসঙ্গে

২০২৬ সালের ২৫ জানুয়ারি বনগাঁয় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু নির্ধারিত সময়ের অনেকটা পরে গিয়ে পৌঁছান তিনি। যেহেতু অনুষ্ঠানটির জন্য রাত ১২টা পর্যন্ত পুলিশ পারমিশন ছিল তাই ১২টা বাজতেই মিমিকে মঞ্চ ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন তনয়।

কিন্তু মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় অপমানিত হন মিমি, যার ফলে তিনি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়া হয় তনয় শাস্ত্রীকে। আদালতে তোলা হলে বিচারক তনয়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন।

এর কিছুদিন পর জামিনে ছাড়া পান তনয়। যদিও পুলিশের দায়ের করা মামলায় তনয়কে জামিন দেওয়া হয় আরও কিছু পরে। এরপর মিমির বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানির মামলা করেন তনয় শাস্ত্রী। তনয়ের আইনজীবী তথা বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি নায়িকার বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন জানান। যদিও এই খবরটি একেবারে ভুল বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

কী বললেন মিমি?

তনয় শাস্ত্রীর করা সমস্ত অভিযোগ অস্বীকার করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিমি। অভিনেত্রীর বক্তব্য, এমন ঘটনা ঘটেনি। বনগাঁ কাণ্ড ঘিরে তাঁকে নিয়ে যে তথ্য উঠে এসেছে সেটা সম্পূর্ণ ভুল। এতে তাঁর সম্মানহানি হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে প্রয়োজনে আইনি ব্যবস্থাও নিতে পারেন বলে জানিয়েছেন মিমি চক্রবর্তী। এই সবের মধ্যেই এবার সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *