কলকাতার পার্ক সার্কাসের অন্যতম ব্যস্ততম রাস্তা সোহরাবর্দি অ্যাভিনিউ। এবার সেই সোহরাবর্দি অ্যাভিনিউ-র নাম বদলে হল ‘গোপাল মুখার্জি রোড’। সদ্য রাজ্য উদযাপন করেছে পশ্চিমবঙ্গ দিবস। আর সেই পশ্চিমবঙ্গ দিবসের দিনেই সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।
পার্ক সার্কাস থেকে শুরু করে কসাইপাড়া লেন পর্যন্ত বিস্তৃত এই রাস্তার নাম ছিল সোহরাবর্দি অ্যাভিনিউ। সেই রাস্তার নাম পাল্টে গোপাল পাঁঠার নামে নামাঙ্কিত হয়েছে। এই রাস্তার নতুন নাম ‘গোপাল মুখার্জি রোড’। শুভেন্দু অধিকারী এক পোস্টে জানান, ‘পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে শনিবার কলকাতা পুরসভার নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক ভুল শোধরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবার থেকে সুরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জী রোড।’ ফেসবুকে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এই এক পোস্টে লেখেন, ‘গত ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের দিন গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মূল হোতা হুসেন সুরাবর্দির নামাঙ্কিত রাস্তার নাম বদলে গোপাল মুখার্জি রোড করা হল। শ্রী গোপাল মুখার্জি বা গোপাল পাঁঠা কলকাতা দাঙ্গায় হিন্দুদের রক্ষাকর্তা হয়ে উঠেছিলেন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।’
সদ্য পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরের সভা থেকে গ্রেট ক্যালাকাট কিলিং থেকে নোয়াখালি দাঙ্গা নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, গোপাল পাঁঠার নাম ১৯৪৬ সালের এক ইতিহাসের পর্বের সঙ্গে জড়িত। বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের ভাইপো ছিলেন গোপাল মুখোপাধ্যায়। সেই গোপাল মুখোপাধ্যায়ই গোপাল পাঁঠা নামে পরিচিত ছিলেন।বাংলার রাজনীতিতে সোহরাবর্দি পরিবারের নানান সদস্যদের কথা উঠে আসে। অভিবক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হুসেন সোহরাওয়ার্দির পাশাপাশি তাঁর কাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য, বিশিষ্ট সার্জন এবং চিকিৎসক লেফটেন্যান্ট-কর্নেল স্যার হাসান সোহরাওয়ার্দির নামও উঠে আসে তাঁদের পরিবারকে কেন্দ্র করে নানান আলোচনায়।
