৮৪ বছর বয়সেও কাজের ব্যস্ততায় সময় কাটে বলিউডের শাহেনশা। তবে শরীর যে আগের মতো সঙ্গ দিচ্ছে না, তা আগেও একাধিকবার জানিয়েছেন অভিনেতা। এবার নতুন ব্লগে নিজের শারীরিক পরিস্থিতি এবং দৈনন্দিন রুটিন নিয়ে খোলামেলা কথা বললেন বিগ বি। জানালেন, ইদানীং রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না তাঁর। অন্যদিকে, ফের জিমে শরীরচর্চা শুরু করলেও মন ও শরীরের মধ্যে চলছে যেন এক অদ্ভুত টানাপোড়েন।
কীভাবে কাটছে অমিতাভের সকাল?
নিজের সাম্প্রতিক ব্লগে সকালের রুটিন নিয়ে লিখেছেন অমিতাভ। ব্লগ লেখার সময় ফন্টের আকার ঠিক করতেও সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন তিনি। গুগলে খুঁজেও সেই সমস্যার সমাধান বুঝতে পারেননি। অভিনেতা আরও জানান, সেদিন বেশ তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল তাঁর। মনে হচ্ছিল, আগের রাতেই ব্লগটি লিখে রাখা উচিত ছিল। এখন আবার কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার আশায় রয়েছেন তিনি।
রাতের ঘুম ফেরাতে কী টোটকা দিলেন বিগ বি?
ব্লগে অমিতাভ জানিয়েছেন, ইদানীং ঘুম আসতে বেশ সমস্যা হচ্ছে তাঁর। ইন্টারনেটে ঘুমের নানা কৌশল খুঁজে সেগুলি অনুসরণ করেও বিশেষ লাভ হয়নি। তবে ঘুম আসার একটি মজার উপায় বাতলে দিয়েছেন অভিনেতা নিজেই। তাঁর পরামর্শ, ঘুমোতে যাওয়ার সময় চাদর বা কম্বলের ভিতরে ঢুকে ছোট শিশুদের মতো শরীর গুটিয়ে শুয়ে পড়তে হবে। তাঁর কথায়, এভাবে শুলে কিছুক্ষণের মধ্যেই ঘুমের পাশাপাশি নাক ডাকাও শুরু হয়ে যেতে পারে!
জিমে ফিরেছেন অমিতাভ, কিন্তু বাধা দিচ্ছে শরীর!

শরীরচর্চার প্রসঙ্গেও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিগ বি। তাঁর কথায়, জিমে গিয়ে নিয়মিত ওয়ার্কআউট করা এতদিন তাঁর রুটিনের অংশ ছিল না। তবে এবার ফের শরীরচর্চা শুরু করেছেন তিনি। মনের মধ্যে ফিট থাকার তাগিদ থাকলেও শরীর যেন সবসময় সেই নির্দেশ মানতে চাইছে না। মন বলছে জিমে গিয়ে ব্যায়াম করতে, আর শরীর বলছে একটু থামতে।
কাজের ব্যস্ততায় বিরাম নেই বিগ বির
এর আগেও অমিতাভ জানিয়েছিলেন, অবসর কাটানো বা একেবারে বসে থাকা তাঁর পছন্দ নয়। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতেই ভালোবাসেন তিনি। বয়সজনিত শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও সিনেমার শুটিংয়ের পাশাপাশি দীর্ঘ সময় ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন অভিনেতা। আগামী দিনে তাঁকে ‘কল্কি ২’-তেও দেখা যাওয়ার কথা।