বিয়ার খাইয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ! ধৃত ২

Spread the love

Habra Shocker: মামার বাড়িতে ঘুরতে গিয়ে ১৪ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতা নাবালিকা। সরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা হাবড়া পুরসভা এলাকায় নিজের মামার বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার সন্ধ্যায় তাকে দূর সম্পর্কের এক বোন ঘুরতে নিয়ে যাবে বলে ডেকে নিয়ে গিয়েছিল। হাঁটতে গিয়ে দুই নাবালিকার সঙ্গে পূর্বপরিচিত দুই যুবকের সাক্ষাৎ হয়। অভিযোগ, এরপর দুই নাবালিকাকে একটি জায়গায় নিয়ে গিয়ে বিয়ার খাওয়ানো হয়। পুলিশের কাছে ওই ১২ বছরের নাবালিকা দাবি করেছে, নেশায় আচ্ছন্ন হওয়ার আগেই দুই যুবক তাকে বাড়ি চলে যেতে বলেন। মেয়েটির দাবি, সে তা-ই করে। তবে ১৪ বছরের নাবালিকাকে ওই দুই যুবক স্থানীয় একটি শিবমন্দিরের পাশে নির্জন জায়গায় নিয়ে যায় এবং যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে জঙ্গলের মধ্যে ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এদিকে, গভীর রাত পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা হাবড়া থানায় নিখোঁজের অভিযোগ জানান। নিখোঁজ ডায়েরি হয় নাবালিকার নামে। তদন্তে নেমে পুলিশ ওই নাবালিকার সঙ্গে থাকা অন্য কিশোরীর সঙ্গে কথা বলে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাবালিকাকে উদ্ধার করা হয়। তবে মেয়েটি তখন অসুস্থ এবং অচেতন। তড়িঘড়ি তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে খবর, দুই অভিযুক্তের বয়স ২৩-২৪ বছর। দু’জনেই বিবাহিত। কিন্তু পারিবারিক অশান্তিতে দু’জনের স্ত্রী-ই শ্বশুরবাড়ি ছেড়েছেন। পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ থাকার কথাও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুলাই বারুইপুরের সূর্যপুর এলাকায় নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। ৫ জুলাই বিকেলের দিকে স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ। ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। এক অভিযুক্ত পালতে গিয়ে পুলিশের এনকাউন্টার মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *