দৃশ্যম ২-এর রেকর্ড ছাপিয়ে যাবে ‘দৃশ্যম ৩’?

Spread the love

ভারতীয় দর্শকদের কাছে ‘দৃশ্যম’ এখন শুধুমাত্র একটি ছবি নয়, বরং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। প্রথম দুই পর্বে খুনের রহস্যকে কেন্দ্র করে দর্শকদের শেষ পর্যন্ত পর্দায় আটকে রাখতে সফল হয়েছিল নির্মাতারা। এবার সেই গল্পই এগিয়ে নিয়ে আসছে ‘দৃশ্যম ৩’। স্যামের খুনের রহস্য এখনও অমীমাংসিত, আর তার মাঝেই গল্পে যোগ হয়েছে একাধিক নতুন চরিত্র।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগন, তব্বু ও শ্রিয়া শরণ অভিনীত ‘দৃশ্যম’। নিশিকান্ত কামাত পরিচালিত ছবিটি প্রথম দিনেই প্রায় ৮.৫ কোটি টাকা নেট আয় করেছিল। প্রায় ৩৮-৪০ কোটি টাকার বাজেটে তৈরি ছবিটির মোট আয় ৬৭ কোটিরও বেশি ছিল।

এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। নিশিকান্ত কামাতের মৃত্যুর পর ছবিটি পরিচালনা করেন অভিষেক পাঠক। প্রথম ছবির মতোই সাসপেন্স ও থ্রিল ধরে রাখতে সফল হয় সিক্যুয়েলটি। করোনা পরবর্তী সময়েও দর্শকদের হলমুখী করতে সক্ষম হয় ‘দৃশ্যম ২’। প্রথম দিনেই ছবিটির নেট আয় ছিল প্রায় ১৫.৩৮ কোটি টাকা। প্রায় ৫০ কোটি টাকার বাজেটে তৈরি ছবিটি ভারতে ২৮০ কোটিরও বেশি ব্যবসা করে।

এবার ‘দৃশ্যম ৩’-কে ঘিরে প্রত্যাশা আরও বেশি। রিপোর্ট অনুযায়ী, অজয় দেবগনের পাশাপাশি ছবিতে বেশ কিছু নতুন মুখ দেখা যাবে। ছবিটির বাজেটও আগের দুই পর্বের তুলনায় অনেকটাই বেশি—প্রায় ১০০ থেকে ১২০ কোটি টাকা বলে জানা যাচ্ছে।

একটি রিপোর্ট অনুযায়ী, ‘দৃশ্যম ৩’ মুক্তির প্রথম দিনেই ৩৫ থেকে ৪০ কোটি টাকার মধ্যে নেট ব্যবসা করতে পারে। অর্থাৎ প্রথম দুই ছবির ওপেনিংয়ের তুলনায় কয়েক গুণ বেশি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করার সম্ভাবনা রয়েছে অজয় দেবগনের এই ছবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *