Health MInister: আট ইন্টার্নের শো-কজ (Intern Show Cause) প্রত্যাহারের দাবিতে বুধবার রাতে বেনজির অশান্তি ও ভাঙচুরের ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College)। বৃহস্পতিবার এই ঘটনায় তীব্র নিন্দা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। তাঁর অভিযোগ, মেডিক্যাল কলেজে তাণ্ডব চালিয়েছে অতিবাম ও নকশালপন্থীরা। অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে অভব্য আচরণের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এমনকী শিক্ষক-চিকিৎসকদের হেনস্থাও করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন।
এদিন কলকাতা মেডিক্যাল কলেজের এমএসভিপির সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী (Health Minister)। বৈঠকের পর তিনি জানান, গোটা ঘটনার তদন্তে তিন চিকিৎসককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্যভবন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, ‘ইন্টার্নদের শোকজের প্রতিবাদে যারা মেডিক্যাল কলেজে তাণ্ডব চালিয়েছে, তারা আসলে মানসিক মাওবাদী, নকশালপন্থী। প্রিন্সিপাল, সুপার, এমএসভিপি, অধ্যাপক, বিভাগীয় প্রধানদের গালিগালাজ অকথ্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আদলা ইট মেরে জানলা ভাঙা হয়েছে। এমন কিছু ভাষার ব্যবহার হয়েছে, তা প্রকাশ্যে আসলে গোটা চিকিৎসক সমাজের অসম্মান হবে। যাঁদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, তাঁদের বলা হচ্ছে চামড়া গুটিয়ে দেব! এ আচরণ লজ্জার। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মেডিক্যাল রিপোর্ট সামনে এনে শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ২ চিকিৎসক অধ্যাপকের উপর হামলা চলেছে। তাঁর কথায়, ‘১০-১৫ জন বহিরাগত নিজেদের ১২৫০ জন ইন্টার্নদের প্রতিনিধি দাবি করে তাণ্ডব চালিয়েছে।’ চিকিৎসকদের উপর হামলাকারীদের ‘ঔদ্ধত্য’ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী। ১৫ দিন আগের অশান্তির প্রমাণস্বরূপ একটি ছবি দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বিরোধী রাজনৈতিক মদত। ছবিতে এআইডিএফও সহ একাধিক বাম সংগঠনের পতাকা হাতে কয়েকজনকে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে বলে দাবি করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘ঘোমটার আড়ালে অতিবামপন্থীদের তাণ্ডব বরদাস্ত করা হবে না।’ এদিন স্বাস্থ্য ভবন দিবাকর হালদার (এমএসভিপি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন), সোমনাথ দে (বিভাগীয় প্রধান, অ্যানাস্থেসিওলজি, কলকাতা মেডিক্যাল কলেজ) এবং দীপঙ্কর রায় (গ্যাস্ট্রোএনটারোলজি, কলকাতা মেডিক্যাল কলেজ)-এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার এই কমিটি প্রথম বৈঠক করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, ‘বহিরাগত যাঁরা হামলা করেছেন, তাঁদেরও চিহ্নিত করতে বলা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)-র সাহায্য নেবে।’
