মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালই দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী নাকি রুশ তেল না কেনার বিষয়ে তাঁকে আশ্বাস দিয়েছেন। আর ট্রাম্পের এই দাবির পরই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হয়েছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ট্রাম্প ও আমেরিকাকে ভয় পান। রাহুল গান্ধী তাঁর পোস্টে দাবি করেছেন, ভারত যে রাশিয়ার থেকে তেল কিনবে না, এমন সিদ্ধান্ত নেওয়ার এবং ঘোষণা করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেস নেতা আরও যোগ করেছেন যে ‘বারবার তিরস্কার করা সত্ত্বেও ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়ে চলেছেন’ মোদী।
উল্লেখ্য, ভারতের রাশিয়ান তেল কেনা নিয়ে গতকাল বড় দাবি করেছিলেন ট্রাম্প। ভারতকে নির্ভরযোগ্য অংশীদার বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আমার বন্ধু। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে… ভারত রাশিয়ার তেল কিনছে বলে আমি খুশি নই। তারা আজ আমাকে আশ্বস্ত করেছে যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না।’
এদিকে ট্রাম্পের এই দাবির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলল ভারত। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতীয় উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিগুলি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয়। স্থিতিশীল জ্বালানীর দাম এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি আমদানি নীতির লক্ষ্য। বাজারের স্থিতি বুঝে আমরা জ্বালানি উৎসে বৈচিত্র আনতে চাই।’ এদিকে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমেরিকার ক্ষেত্রে যদি বলা হয়, আমরা বিগত কয়েক বছর ধরেই তাদের থেকে জ্বালানি আমদানি বৃদ্ধির চেষ্টা করেছি। গত একদশকে এই জ্বালানি আমদানি ক্রমে বেড়েছে। আমেরিকার বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ কছে। এই নিয়ে আমেরিকার সঙ্গে আমাদের আলোচনা চলছে।
