মন্দিরের ভিতরে মহিলাদের নিরাপত্তা নেই! পুরোহিতদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নতুন রাজনৈতিক বিতর্কে জড়ালেন ছাত্রনেত্রী নেহা বোর। তাঁর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কংগ্রেস এবং রাহুল গান্ধীকে নিশানা করেছে বিজেপি। শাসক দলের অভিযোগ, হিন্দু ধর্ম এবং সনাতন সংস্কৃতিকে আক্রমণ করার জন্য পরিকল্পিত প্রচার চালাচ্ছে বিরোধীরা। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী দাবি করেছেন, নেহা বোরার বক্তব্যের সঙ্গে রাহুল গান্ধীর অতীতের মন্তব্যের মিল রয়েছে। তাঁর অভিযোগ, এই ধরনের বক্তব্যের মাধ্যমে হিন্দু ধর্মীয় বিশ্বাসকে অপমান করা হচ্ছে। পাল্টা বিতর্ক তৈরি হয়েছে মহিলাদের নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং জাতপাতের রাজনীতি নিয়ে।
কী বলেছিলেন নেহা বোরা?
সর্বভারতীয় ছাত্র সংগঠন এআইএসএ-র (AISA) নেত্রী নেহা বোরার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে আসে। সেখানে তাঁকে ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থার সমালোচনা করতে শোনা যায়। তাঁর বক্তব্য, মহিলাদের নিরাপত্তা প্রয়োজন। আর সেই নিরাপত্তার অভাব তৈরি করছে ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা। এই ব্যবস্থায় দরিদ্র, নিপীড়িত মানুষ, পশু এবং মহিলাদের অধস্তন বলে মনে করা হয়। তাঁদের উপর অত্যাচারকেও যেন স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়।
নেহার আরও অভিযোগ, এই ব্যবস্থায় ব্রাহ্মণ মহিলারাও নিরাপদ নন। তাঁরাও ধর্ষণের শিকার হন। এমনকি মন্দিরের ভিতরেও পুরোহিতদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। নেহার এই বক্তব্য সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতর। বিশেষ করে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান এবং পুরোহিতদের নিয়ে তাঁর মন্তব্যের বিরোধিতা করেন অনেকে। সমাজমাধ্যমেও তাঁকে ঘিরে সমালোচনা শুরু হয়।
রাহুল গান্ধীর সঙ্গে যোগ খুঁজল বিজেপি
নেহার মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী। তাঁর দাবি, নেহার বক্তব্যের সঙ্গে রাহুল গান্ধীর অতীতের মন্তব্যের মিল রয়েছে। ২০১৪ সালে দিল্লিতে এক মহিলাকে গণধর্ষণের ঘটনার পর রাহুল বলেছিলেন, মন্দিরে যাঁরা দেবীর পুজো করেন, তাঁরাই আবার বাসে মহিলাদের শ্লীলতাহানি করেন। সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে ভান্ডারী বলেন, কংগ্রেসের রাজনৈতিক অবস্থানেই হিন্দু ধর্মের প্রতি বিরূপ মনোভাব রয়েছে।

এখানেই থামেননি বিজেপি নেতা। তাঁর অভিযোগ, কংগ্রেস অতীতে ‘হিন্দু সন্ত্রাস’ এবং ‘গেরুয়া সন্ত্রাস’-এর মতো শব্দ ব্যবহার করেছে। নেহা বোরাও বাংলাদেশের ইসলামপন্থীদের দ্বারা প্রভাবিত বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এই ধরনের বক্তব্য দেশের ঐক্য এবং সনাতন ধর্মের বিরুদ্ধে প্রচারের অংশ। যদিও এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ প্রকাশ করেননি ভান্ডারী।
কাঠুয়া কাণ্ডের প্রসঙ্গ
নিজের বক্তব্যের সমর্থনে নেহা ২০১৮ সালের কাঠুয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রসঙ্গও তুলেছিলেন। জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় আট বছরের বাকরওয়াল সম্প্রদায়ের এক শিশুকন্যাকে অপহরণ করে গ্রামের একটি মন্দিরে আটকে রাখা হয়েছিল। সেখানে তাকে গণধর্ষণের পর খুন করা হয়। এই ঘটনা গোটা দেশে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল। ২০১৯ সালের জুন মাসে বিশেষ আদালত এই মামলায় ছয় জনকে দোষী সাব্যস্ত করে। তাঁদের মধ্যে মন্দিরের তত্ত্বাবধায়ক সঞ্জি রাম-সহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।