মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরায়। ধৃতের নাম রোহিত মাহাতো। অভিযোগ, এক যুবতীর বাড়িতে ঢুকে নাকি এই কুকর্ম করে রোহিত। এই আবহে গত ১০ এপ্রিল বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং ১১ তারিখ বর্ধমান আদালতে পেশ করা হয় সেই সিভিক ভলান্টিয়ারকে। সেদিন নির্যাতিতার গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়।
অভিযোগ, গত ৯ এপ্রিল নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন নির্যাতিতা। পাশাপাশি দুই ঘরে থাকেন নির্যাতিতা এবং তাঁর বিধবা মা। এহেন পরিস্থিতিতে বাড়িতে ঢুকে সেই যুবতীকে ধর্ষণ করে রোহিত। পরে নির্যাতিতা পাড়া প্রতিবেশীদের বিষয়টি জানান। তখন স্থানীয়রা অভিযুক্ত ধরে নিয়ে আসে। তখন নাকি স্থানীয় কেউ কেউ বলেছিলেন, ‘কথাবার্তা বলে মিটমাট’ করে নিতে। তবে পুলিশে অভিযোগ জানানো হয় শেষ পর্যন্ত। সেই মতো পুলিশ রোহিতকে গ্রেফতার করে। এদিকে সিভিক ভলান্টিয়ারের পদ থেকে সাসপেন্ড করা হয় রোহিতকে।
এদিকে নির্যাতিতা যুবতীকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তিনি শারীরিক পরীক্ষায় রাজি হয়নি। এদিকে অভিযুক্তকে জেরার জন্য ৭ দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ। তবে বিচারক পুলিশের আবেদন খারিজ করে দেন এবং অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেন। ১৬ এপ্রিল ফের অভিযুক্তকে আদালতে হাজির করতে বলা হয়েছে।
