‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় টলিউড অভিনেতা রণজয় বিষ্ণু (Rannjoy Bishnu)। শুটিং ফ্লোরে একটি শট দেওয়ার পরেই অভিনেতার শরীর অত্যন্ত খারাপ হতে শুরু করে। পরিচালকের নির্দেশে মেকআপ রুমে ফিরে যাচ্ছিলেন অভিনেতা। তবে পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক রূপ নেয় যে, লিফটে ওঠার ঠিক আগেই মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি।
শোনা যাচ্ছে, আপতত শ্যুটিং সেটেই বিশ্রাম নিচ্ছেন রণজয়। গত বেশ কিছুদিন ধরেই শারীরিক ও মানসিক— উভয় দিক থেকেই মারাত্মক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেতা।
ব্যক্তিগত জল্পনা ও বিচ্ছেদ বিতর্ক
রণজয়ের ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে সোশাল মিডিয়া ও টেলিপাড়ায় নানা গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে। মাত্র ৫ মাসেই ভাঙার মুখে রণজয়-শ্যামৌপ্তির বিয়ে। নায়িকা এই নিয়ে মুখ কুলুপ এঁটেছেন। অন্যদিকে রণজয় বৃহস্পতিবার ফেসবুক ভিডিয়োয় কাতর আর্তি রাখেন, বলেন- ‘আমাকে একটু বাঁচতে দিন’।
গত কয়েক দিন ধরেই অভিনেতা দাম্পত্য জীবন ও বিচ্ছেদ নিয়ে চারদিকে জল্পনা তুঙ্গে থাকলেও, রণজয় নিজে কিন্তু এই ইস্যুতে বরাবরই নীরব থেকেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘ আমি খুব সাধারণ জীবনযাপন করি। আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছিলাম। আমাদের কেউ জোর করেনি। আমাদের যদি কোনও সমস্যা হয় সেটা আমরা নিজেরাই মিটিয়ে নেব। যদি কোনও সিদ্ধান্ত নিই তাহলে সেটা সকলকেই জানাব আমরা দুজনে। কিন্তু এইভাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করবেন না দয়া করে।’
অভিনেতা বলেন, ‘আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত তাই আমি এই নিয়ে কোনও কথা বলতে চাইনি। আমি চুপ ছিলাম বলে তা নিয়েও অনেকে অনেক কথা বলেছে। কিন্তু সকলকে মাথায় রাখতে হবে যে একজন মহিলাকে নিয়ে কিছু বলার আগে চিন্তা করা উচিত। আমার প্রাক্তনদের নিয়েও কথা বলা হয়েছে। আমার যদি একাধিক প্রেম থাকে তাতে কি কোনও অন্যায় আছে? আমি তো মানুষ খুন করিনি।’

মানসিক চাপ ও ‘অ্যাংজাইটি অ্যাটাক’
হিন্দুস্তান টাইমস বাংলাকে সেটে উপস্থিত এক সূত্র জানায়, পেশাগত ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনের দীর্ঘদিনের এই মানসিক চাপ এবং সম্পর্কের টানাপোড়েনই হয়ত নায়কের শারীরিক অসুস্থতার মূল কারণ। আপতত বিশ্রামে আছেন অভিনেতা।
এদিন এক সাক্ষাৎকারে রণজয় মেনে নিয়েছেন তিনি আর শ্যামৌপ্তি আর এক ছাদের তলায় থাকেন না। ওদিকে পালটা নায়কের বিরুদ্ধে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। শ্যামৌপ্তির নামেও রটেছে পরকীয়ার গুঞ্জন। সব মিলিয়ে মাত্র ৫ মাসেই রণজয়-শ্যামৌপ্তির রূপকথার বিয়ে খাদের কিনারে।