‘মানুষের মর্যাদা যত বাড়ে…!’ ইন্ডাস্ট্রির লোকেরা রাখে না খোঁজ

Spread the love

বলিউডের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সংঘাত নতুন নয়। নিজের আসন্ন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’–র প্রচারের সময় ফের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্রী-সাংসদ। কঙ্গনার দাবি, ফিল্ম ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ তাঁর সঙ্গে যোগাযোগই রাখেন না। এমনকী তিনি নতুন কোনও ছবি করলেও তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেন না। পাশাপাশি জীবনের সংগ্রাম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন তিনি।

ইন্ডাস্ট্রির মানুষ যোগাযোগই রাখেন না

‘ভারত ভাগ্য বিধাতা’ নিয়ে বেশ উচ্ছ্বসিত কঙ্গনা। আগামী ১২ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগে জোরকদমে চলছে প্রচার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নতুন ছবির জন্য বলিউড থেকে কোনও শুভেচ্ছা বার্তা পেয়েছেন কি না। উত্তরে কঙ্গনা স্পষ্ট বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ আমাকে মেসেজ করেন না।’

সাফল্যের সঙ্গে বাড়ে শত্রুও

কঙ্গনার মতে, সফল মানুষের সমালোচনা হওয়াটা স্বাভাবিক। অতীতে রণবীর সিং ও ফারহান আখতারকে ঘিরে বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, ‘মানুষের মর্যাদা ও অবস্থান যত বাড়ে, শত্রুর সংখ্যাও তত বাড়ে। এমনটা হতে পারে না যে আপনার পরিচিতি বাড়বে, অথচ শত্রু বাড়বে না।’

জীবনের সবচেয়ে কঠিন সময়

নিজের জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্তের কথাও শোনান কঙ্গনা। তিনি বলেন, ‘যখন আমি ঠিক করেছিলাম যে বাবা-মা আমার জন্য যে পথ নির্ধারণ করেছিলেন, আমি সেই পথে হাঁটব না, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তখন আমার কাছে কিছুই ছিল না। কোথাও থেকে কোনও সাহায্যও পাইনি। আমি খুবই ছোট ছিলাম। এমন শিক্ষাগত যোগ্যতাও ছিল না, যার ভিত্তিতে ভালো চাকরি পেতে পারি। পরিচিত কেউ ছিল না। তারপরও আমি নিজের পথে বেরিয়ে পড়েছিলাম।’

নিজের কাঁধেই বাড়তি দায়িত্ব নিয়েছেন

কঙ্গনা জানান, এরপর ধীরে ধীরে নিজের পথ নিজেই তৈরি করেছেন। তাঁর কথায়, ‘আমি সব সময় নতুন কিছু সৃষ্টি করার কথা ভেবেছি, নতুন ভিশন তৈরি করেছি। অভিনেত্রী, নির্মাতা, লেখক কিংবা রাজনীতিবিদ— প্রতিটি ভূমিকায় নিজের সামর্থ্যের চেয়েও বেশি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। সেই চাপ সামলানোর জন্য নিজেকেও প্রস্তুত করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার ছবিগুলো বরাবরই চাপপূর্ণ ছিল। তাই সবচেয়ে বেশি চাপ যে আমাকেই নিতে হয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই।’

রাজনীতি ও অভিনয়— দুই দিক সামলাচ্ছেন কঙ্গনা

বর্তমানে রাজনীতি এবং অভিনয়— দুই ক্ষেত্রই সমানভাবে সামলানোর চেষ্টা করছেন কঙ্গনা। সম্প্রতি তিনি স্বীকার করেছেন, রাজনীতিতে আসার পর তাঁর মনে নানা ছোটখাটো দ্বিধা তৈরি হয়েছে। যেমন, তাঁকে অতিরিক্ত ‘হিরোইনসুলভ’ দেখাচ্ছে কি না, স্লিভলেস পোশাক পরা উচিত কি না, কিংবা মেকআপ বেশি হয়ে যাচ্ছে কি না— এসব বিষয় নিয়েও এখন ভাবতে হয় তাঁকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *