কাতারে যুক্তরাষ্ট্রের ‘কারিগরি দলের’ কর্মকর্তাদের সঙ্গে এই সপ্তাহে কোনো বৈঠক করার পরিকল্পনা বর্তমানে নেই বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।
বার্তা সংস্থা তাসনিমকে দেয়া এক বক্তব্যে গরিবাবাদি বলেন, ‘কাতারের সঙ্গে আলোচনা স্বাভাবিকভাবেই চলছে—বিশেষ করে অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে। তবে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এ সপ্তাহে দোহায় কারিগরি পর্যায়ের ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার খবর আমরা নিশ্চিত করতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর আওতায় প্রথম দফার কারিগরি আলোচনা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে এবং সময় ও স্থান নিয়ে উভয় পক্ষের সম্মতি হওয়ার পর অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।’
এর আগে আল জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে পারে।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছিল, বৈঠকটি ‘আগামী কয়েক দিনের মধ্যে’ দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, ‘সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের বিষয়টি নিয়ে কাজ করা কারিগরি দলগুলোর আগামী কয়েক দিনের মধ্যে দোহায় বৈঠকে বসার কথা রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রশমনে যোগাযোগের চ্যানেলগুলো সক্রিয় রয়েছে এবং কারিগরি আলোচনা অব্যাহত থাকবে।’
