যোগ দিলেন শুভেন্দু! উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে এক মঞ্চে জিৎ, দেব, প্রসেনজিৎ

Spread the love

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে শহর কলকাতাজুড়ে হয়েছিল বিশেষ আয়োজন। এদিন টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মঞ্চে উপস্থিত ছিলেন দেব, জিৎ, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক-সহ টলিউডের তারকারা।

মহানায়কের মূর্তিতে মাল্যদানের পর মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আজ বাংলা তথা গোটা দেশের জন্য অত্যন্ত গর্বের দিন। মহানায়ক উত্তম কুমার বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর অনবদ্য শিল্পসৃষ্টি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে।’ উত্তম কুমারের মতো কিংবদন্তি শিল্পী সম্পর্কে নতুন করে কোনও মূল্যায়নের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘মহানায়ক উত্তম কুমার… এক কিংবদন্তি যাঁর কালজয়ী অভিনয় প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মন ছুঁয়ে যায়। তাঁর জন্মশতবার্ষিকীতে জানাই শ্রদ্ধা। গত রবিবার #MannKiBaat-এ আমি তাঁর সম্পর্কে যা বলেছিলাম, সেটাও শেয়ার করছি।’

উত্তমকুমারের জন্মশতবার্ষিকীর আগে নিজের ‘মন কি বাত’ রেডিয়ো অনুষ্ঠানে উত্তম কুমারকে স্মরণ করেছিলেন প্রধানমন্ত্রী। সেই বার্তার একটি অংশও তিনি এদিন সোশ্যাল মিডিয়ার পোস্টে শেয়ার করেছেন। মোদী বলেন, প্রাথমিক ব্যর্থতা সত্ত্বেও অভিনেতা হিসেবে না দমে লড়াই চালিয়ে যাওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন উত্তম কুমার। সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর কাজের কথা এবং সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। এছাড়া অতীতে কলকাতা সফরে মহানায়কের বাড়ির পাশ দিয়ে যাওয়ার স্মৃতিও স্মরণ করেন।

প্রসঙ্গত, মহানায়কের জন্মশতবর্ষকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে রাজ্য সরকারের উদ্যোগে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু চার দিনের অনুষ্ঠানেই সীমাবদ্ধ না থেকে বছরভর মহানায়ককে কেন্দ্র করে নানা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর—টানা চার দিন ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতাকে। জন্মদিনের সকালে আহিরীটোলায় মহানায়কের জন্মস্থান এবং টালিগঞ্জে তাঁর কর্মস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি বিজলী সিনেমা হলের সামনেও রয়েছে বিশেষ অনুষ্ঠান। সন্ধ্যায় নন্দন থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত পদযাত্রারও আয়োজন করা হয়েছে।

তবে চার দিনের অনুষ্ঠানেই শেষ নয়, জন্মশতবর্ষ উপলক্ষে মহানায়ককে কেন্দ্র করে বছরভর নানা কর্মসূচি চলবে। এর মধ্যেই নিউ টাউনে ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’ তৈরির পরিকল্পনা বিশেষ নজর কেড়েছে। এই প্রস্তাবিত চলচ্চিত্রকেন্দ্রে আধুনিক পরিকাঠামোর পাশাপাশি এক হাজার আসনের অডিটোরিয়াম এবং ওপেন-এয়ার থিয়েটার তৈরির পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *