হিন্দি চলচ্চিত্র জগতে বিশেষ করে সংগীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্রের নাম এআর রহমান। কিন্তু সম্প্রতি অস্কার বিজয়ী এই সুরকারের একটি বক্তব্য ঘিরে তৈরি হয়েছে জোড় বিতর্ক। বলিউডে শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে তিনি নাকি গত ৮ বছর ধরে কাজ পাচ্ছেন না, এমনটাই অভিমত সংগীতশিল্পীর।
সঙ্গীত শিল্পীর এই বক্তব্যে অসহমত পোষণ করেছেন বহু তারকা। অনেকেই বলেছেন, বলিউডে এমন ঘটনা কোনওদিন ঘটেছে বলে জানা নেই। রহমানের বক্তব্যের বিপক্ষে কথা বলতে শোনা গিয়েছিল বাংলাদেশের জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিনকে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রামায়ণ খ্যাত অভিনেতা অরুণ গোভিল।শুক্রবার সন্ধ্যায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্প্লয়িস এবং সিনে আর্টিস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে অরুণ বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কোনও দিন কোনও ঘটনা ঘটেনি যেখানে সাম্প্রদায়িক পক্ষপাতের কারণে মানুষ কাজ পাবে না। ইন্ডাস্ট্রিতে এমন বহু উদাহরণ আছে যেখানে মুসলিম ধর্মালম্বি হওয়া সত্ত্বেও তারা আজও ইন্ডাস্ট্রির স্টার।
অরুণ আরও বলেন, দিলীপ কুমার থেকে শুরু করে শাহরুখ খান সকলেই তো মুসলিম কিন্তু তারা একেক জন বলিউডের তারকা। যদি সত্যি সাম্প্রদায়িক পক্ষপাত করা হতো তাহলে কি তাঁরা তারকা হতেন? এটা শুধুমাত্রই ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু না।
প্রসঙ্গত, রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অরুণ গোভিল। এরপর যদিও আরও বেশ কয়েকটি সিনেমায় এবং সিরিজের অভিনয় করেছিলেন কিন্তু অভিনেতাকে সকলে রাম চরিত্রের জন্যই চেনেন।

উল্লেখ্য, সাম্প্রদায়িকতার বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর রহমান আরও একটি ভিডিয়ো পোস্ট করে বলেন, তিনি একজন ভারতের নাগরিক এবং ভারতবাসী হিসেবে তিনি গর্বিত। তিনি দেশের প্রতি কৃতজ্ঞ এবং সংগীতের হাত ধরেই তিনি সকলের মনে ভালোবাসা তৈরি করতে চান। তিনি এমন কিছু কথা বলতে চাননি যার ফলে মানুষ কষ্ট পান, যদি তার বক্তব্যের ভুল ধারণা হয়ে থাকে মানুষের মনে তাতে তিনি অনুতপ্ত।