কৃষ্ণসাগরে রাশিয়ার ২০টি জাহাজে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে ওডেসা, সুমি ও জাপোরিঝঝিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রুশ বাহিন। এতে প্রাণ গেছে অন্তত ৮ জনের।
কৃষ্ণসাগরে রাশিয়ার ‘ছায়া নৌবহর’ লক্ষ্য করে বুধবার (১৫ জুলাই) বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডারের দাবি, এই অভিযানে দুটি গ্যাস ট্যাঙ্কার, ১৭টি তেল ট্যাঙ্কার এবং একটি টাগবোটসহ অন্তত ২০টি রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কিয়েভের দাবি, গত ১০ দিনে তারা কৃষ্ণসাগর ও আজভ সাগরে রাশিয়ার ১৩০টির বেশি জাহাজে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ইউক্রেনের এই ড্রোন হামলার পর জবাব দিতে দেরি করেনি রাশিয়া। পাল্টা ওডেসা, সুমি ও জাপোরিঝঝিয়া অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ওডেসা ও সুমিতে আবাসিক ভবন এবং বন্দর অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়ার ছোঁড়া ১২২টি ড্রোনের মধ্যে শতাধিক তারা ভূপাতিত করেছে।
যুদ্ধে নিজেদের শক্তি বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ঐতিহাসিক ‘ড্রোন চুক্তি’ স্বাক্ষর করেছে ইউক্রেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান তৈরির জন্য নতুন করে আরও ১০ বিলিয়ন ইউরোর তহবিল অনুমোদনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ২০২৮ সালের মধ্যে এই অংশীদারিত্বকে অ্যান্টি-ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

এরমধ্যেই ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানির সিইও সের্গেই কোরেতস্কিকে এই পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করেছেন তিনি।