পুরুলিয়া জেলা পরিষদের রাস্তা নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় বড়সড় অনিয়মের অভিযোগ। প্রায় ৭ কোটি টাকার ৮৬টি রাস্তা নির্মাণের প্রকল্পে কারচুপির অভিযোগ ওঠায় ১৪ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করল জেলা পরিষদ। শুক্রবার থেকেই এই পদক্ষেপ কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদারদের শোকজ করা হয়েছিল। তাঁদের অধিকাংশের জবাব না মেলায় এবং কয়েকজনের উত্তর সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্তমের কাছে কয়েকজন ঠিকাদারের জমা দেওয়া অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করে প্রশাসন। সেই তদন্তেই টেন্ডার প্রক্রিয়ায় একাধিক অনিয়মের বিষয়টি সামনে আসে। অভিযোগ, কয়েকজন ঠিকাদার নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য জমা দেওয়া নথি বা ক্রেডেনশিয়ালে কারচুপি করেছিলেন। বিষয়টি সামনে আসার পরই রাজ্য সরকারের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে কড়া পদক্ষেপের পথে হাঁটে পুরুলিয়া জেলা পরিষদ।
জেলা পরিষদ সূত্রে খবর, গত ১৭ নভেম্বর সংশ্লিষ্ট ১৪ জন ঠিকাদারকে শোকজের নোটিশ পাঠানো হয়। তিন দিনের মধ্যে তাঁদের অভিযোগের জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু অভিযোগ, অধিকাংশ ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে কোনও উত্তর দেননি। যাঁরা জবাব দিয়েছেন, তাঁদের বক্তব্যও কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বলে বিবেচিত হয়নি। এরপরই শুক্রবার থেকে তাঁদের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি ২০২৬-২৭ আর্থিক বছরের জন্য গত ২১ সেপ্টেম্বর মোট ৬ কোটি ৭১ লক্ষ টাকার ৮৬টি রাস্তা নির্মাণ প্রকল্পের টেন্ডার ডাকা হয়েছিল। এর মধ্যে ৬১টি প্রকল্পের ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই ইস্যু করা হয়। তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট ঠিকাদারদের ন’টি কাজের ওয়ার্ক অর্ডার বাতিল করেছে জেলা পরিষদ। বাতিল হওয়া প্রকল্পগুলির জন্য নতুন করে আনুমানিক ব্যয় নির্ধারণ করে ফের টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে শুধু ১৪ জন ঠিকাদারের বিরুদ্ধেই তদন্ত সীমাবদ্ধ রাখতে চাইছে না প্রশাসন। বাকি ঠিকাদারদের জমা দেওয়া নথিপত্রের সত্যতা যাচাইয়ের কাজও শুরু হয়েছে। তাঁদের ক্রেডেনশিয়াল সঠিক কি না, তা খতিয়ে দেখতে সেচ, পূর্ত, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, বিদ্যুৎ-সহ একাধিক দপ্তরে চিঠি পাঠিয়েছে জেলা পরিষদ। সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।
ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগকেও সতর্ক করা হয়েছে। ঠিকাদারদের জমা দেওয়া সমস্ত নথিপত্র একাধিকবার খুঁটিয়ে যাচাই করার পরেই টেন্ডার সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। পুরুলিয়া জেলা বিজেপির অভিযোগ, তৃণমূলের ঘনিষ্ঠ ঠিকাদাররা আগের মতোই অনিয়ম করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন সরকারের জিরো টলারেন্স নীতির কারণে প্রশাসন কড়া পদক্ষেপ করছে। পাশাপাশি, তৃণমূলের আমলে কোন ঠিকাদার দলের নেতা বা জনপ্রতিনিধিদের কাটমানি দিতেন, তা নিয়েও খোঁজখবর শুরু করেছে বলে দাবি বিজেপির। দলের তরফে ইতিমধ্যেই কয়েকজনের নাম হাতে এসেছে বলেও দাবি করা হয়েছে।
সব মিলিয়ে, পুরুলিয়া জেলা পরিষদের রাস্তা নির্মাণ প্রকল্পের টেন্ডার ঘিরে অনিয়মের অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ এবং রাজনৈতিক তরজা—দুইয়ের জেরেই সরগরম জেলার রাজনৈতিক মহল। তবে তদন্তের বাকি অংশে আরও কী কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর।