রিয়ালে ফিরছেন মরিনিয়ো! বিদায় বললেন বেনফিকাকে

Spread the love

বেনফিকার সঙ্গে নিজের অধ্যায়ের ইতি টানলেন জোসে মরিনিয়ো। অভিজ্ঞ পর্তুগিজ কোচ আনুষ্ঠানিকভাবে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এদিকে মরিনিয়োর গন্তব্য হতে যাচ্ছে পুরোনো ঠিকানা রিয়াল মাদ্রিদ।

বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় বেনফিকার সভাপতি রুই কস্তা, ক্লাব কর্মকর্তাদের এবং খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মরিনিয়ো। তিনি বলেন, ‘বেনফিকার হয়ে কাজ করার সুযোগ দেয়ার জন্য (ক্লাব) প্রেসিডেন্ট রুই কস্তাকে ধন্যবাদ জানাই। এই ক্লাবের প্রতিনিধিত্ব করা ছিল সম্মান ও সৌভাগ্যের বিষয়। বেনফিকার সকল পেশাদারদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই, যাদের পেশাদারিত্ব, নিবেদন ও দক্ষতা ছিল অনুকরণীয়।’


এর একদিন আগে বেনফিকাও আনুষ্ঠানিক বিবৃতিতে মরিনিয়োর বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। ক্লাবটি জানায়, তাকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ ক্ষতিপূরণ হিসেবে ১৫ মিলিয়ন ইউরো পরিশোধ করবে। মরিনিয়োও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নিয়েছিলেন মরিনিয়ো। তার অধীনে ২০২৫-২৬ মৌসুমে দলটি পর্তুগিজ লিগে পুরো মৌসুম অপরাজিত থাকলেও শিরোপা জিততে পারেনি, শেষ করে তৃতীয় স্থানে।


রিয়াল মাদ্রিদের সঙ্গে মরিনিয়োর সম্পর্ক নতুন নয়। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের কোচ ছিলেন তিনি। সেই সময়ে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন।

সম্প্রতি পুনর্নির্বাচিত সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ় আগেই মরিনিয়োকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন। স্প্যানিশ গণমাধ্যমের খবর, খুব শিগগিরই রিয়াল মাদ্রিদ তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *