ভারতের অর্থনীতি নিয়ে সমালোচকদের এবার কড়া ভাষায় আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ভারতীয় অর্থনীতিকে ‘বিপর্যস্ত’ বলে দাবি করা বিশেষজ্ঞদের উদ্দেশে সমাজমাধ্যমে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। পাল্টা তাঁকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন ককোরচ জনতা পার্টি (CJP)-র সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। তাঁর বক্তব্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের পিছিয়ে থাকাকে কোনওভাবেই অর্থনীতির সাফল্য বলে তুলে ধরা যায় না। বরং প্রযুক্তির গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা হচ্ছে।
বিতর্কের সূত্রপাত একটি আন্তর্জাতিক আর্থিক বিশ্লেষণ সংস্থা কয়েন ব্যুরোর সমাজমাধ্যমে করা পোস্ট থেকে। সেখানে দাবি করা হয়, বিশ্বজুড়ে এআই সংস্থাগুলির শেয়ারে ধস নামলেও এশিয়ার বড় অর্থনীতিগুলির মধ্যে একমাত্র ভারতীয় শেয়ার বাজারই ইতিবাচক অবস্থানে বন্ধ হয়েছে। এশিয়ার অন্যান্য বড় বাজারে যখন পতন দেখা গিয়েছে, তখন ভারতীয় বাজারের এই উল্টো গতির কারণ নিয়েও বিশ্লেষণ করা হয়।
কয়েন ব্যুরোর ব্যাখ্যা, ভারতীয় শেয়ার বাজারে এআই এবং চিপ নির্মাণকারী সংস্থাগুলির উপস্থিতি তুলনামূলকভাবে কম। ফলে আন্তর্জাতিক বাজারে এআই সংস্থাগুলির শেয়ারে বড়সড় পতনের সরাসরি প্রভাব ভারতীয় বাজারে পড়েনি। যে বিষয়কে এত দিন ভারতের প্রযুক্তিগত দুর্বলতা হিসেবে দেখা হচ্ছিল, সাময়িকভাবে সেটাই বাজারের জন্য সুরক্ষাকবচ হয়ে উঠেছে।
পোস্টে আরও দাবি করা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছ’মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছিলেন। কিন্তু নভেম্বর মাসে ভারতীয় শেয়ারে ফের বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ এসেছে। এআই সংস্থাগুলির শেয়ারে অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীদের একাংশ ভারতীয় বাজারের দিকে ঝুঁকছেন বলেও ওই বিশ্লেষণে দাবি করা হয়েছে।

এই পোস্টটি ভাগ করে নিয়েই সরব হন হিমন্ত বিশ্বশর্মা। অসমের মুখ্যমন্ত্রী লেখেন, যাঁরা ভারতীয় অর্থনীতিকে বিপর্যয় বলে উল্লেখ করেন, তাঁদের জন্য দু’মিনিট নীরবতা পালন করা উচিত। এরপরই কটাক্ষ করে তাঁর মন্তব্য, আসলে বিপর্যয় ভারতীয় অর্থনীতি নয়, বিপর্যয় হল সেই সমালোচকরাই।
হিমন্তের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আশুতোষ রাঙ্কা। তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি আদৌ মূল পোস্টটি মন দিয়ে পড়েছেন? কয়েন ব্যুরোর বিশ্লেষণেই তো বলা হয়েছে, এআই ক্ষেত্রে ভারতের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। দেশে চিপ নির্মাণকারী সংস্থার সংখ্যাও কার্যত শূন্য। এই অবস্থাকে সাফল্য হিসেবে দেখানোর যুক্তি কোথায়?
নিজের বক্তব্য বোঝাতে গাড়ির উদাহরণ টেনেছেন রাঙ্কা। তাঁর বক্তব্য, কেউ গাড়ি কেনেন না বলে ভারতে বিনিয়োগ করবেন, কারণ দেশে রাস্তাই নেই! অর্থাৎ কোনও ক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে থাকাকে সেই ক্ষেত্রের অস্থিরতা থেকে বাঁচার সুবিধা হিসেবে দেখানো যায় না। বিশেষ করে একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন ব্যাখ্যা প্রত্যাশিত নয় বলেও কটাক্ষ করেছেন তিনি।
উল্লেখ্য, এআই এবং সেমিকন্ডাক্টর শিল্প বর্তমানে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমেরিকা, চিন-সহ একাধিক দেশ এই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে। ভারতও দেশীয় চিপ উৎপাদন এবং এআই পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে।
ফলে ভারতের শেয়ার বাজারের সাময়িক উত্থানকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক আসলে দেশের প্রযুক্তিগত প্রস্তুতি এবং অর্থনীতির দীর্ঘমেয়াদি সক্ষমতা নিয়েও নতুন প্রশ্ন তুলে দিল। একদিকে হিমন্তের দাবি, ভারতীয় অর্থনীতিকে অকারণে খাটো করা হচ্ছে। অন্যদিকে রাঙ্কার পাল্টা বক্তব্য, প্রযুক্তিতে পিছিয়ে থাকাকে সাফল্য বলে চালানো যায় না।