সাধক বামাক্ষ্যাপার ভূমিকায় ফিরছেন সব্যসাচী! মা কালীর চরিত্রে পায়েল দে

Spread the love

বাঙালি দর্শকের অত্যন্ত প্রিয় ‘বামাক্ষ্যাপা’ রূপী সব্যসাচী চৌধুরী ফের ফিরছেন সেই চেনা অবতারে। তবে এবার আর ড্রয়িংরুমের ছোটপর্দায় নয়, সোজা বিগ স্ক্রিনে! প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF)-এর নতুন সিনেমা ‘সাধক বামাক্ষ্যাপা’-র হাত ধরে এবার বড় পর্দায় আসছে তারাপীঠের সাধকের জীবনগাথা। আর ছবিটিতে মা কালীর চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে-কে। কৌশিকি অমবস্য়ায় প্রকাশ্য়ে এল ছবির ফার্স্ট লুক পোস্টার।

এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচীর নিখুঁত ও জীবন্ত অভিনয় মন জয় করে নিয়েছিল আপামর বাঙালির। তৎকালীন সময়ে টিআরপি তালিকার শীর্ষে থাকা সেই ধারাবাহিক আজও দর্শকের মনে অমলিন। অন্যদিকে, একই চ্যানেলের ‘সাধক রামপ্রসাদ’ ধারাবাহিকে নাম ভূমিকায় সব্যসাচী এবং মা কালীর চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল দে। ছোটপর্দার সেই হিট জুটিকে এবার ভিন্ন রূপে কিন্তু চেনা ভক্তিভরে পর্দায় ফিরিয়ে আনছে এসভিএফ।

ছবির পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। পাশাপাশি, ছবির রচনা ও সৃজনশীল পরিচালনার দায়িত্বেও রয়েছেন সব্যসাচী চৌধুরী নিজেই। ছবির সুর বাঁধছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রকাশ্যে আসা অফিশিয়াল পোস্টারে সব্যসাচীর সাধক অবতার এবং রুদ্র রূপী মা কালীর চরিত্রে পায়েলের লুক ইতিমধ্যেই ভক্তদের নজর কেড়েছে। আগামী কালীপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। শুক্রবার সকালেই প্রকাশ্যে আসবে এই ছবির টিজার। সব্যসাচী ও পায়েল দে ছাড়াও এই ছবিতে দেখা মিলবে সাহেব চট্টোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *