সামনে নোটপ্যাড! বাবা পরমব্রতকে ঘিরে নিনা-বাঘা-নডিবাবু

Spread the love

ছুটির দিন মানেই পরিবারের সঙ্গে কাটানো নিখাদ সময়। তারকাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মের অন্যথা হয় না। শনিবার পিয়া চক্রবর্তীর শেয়ার করা ফোটোতে ধরা পড়ল সেরকমই এক দৃশ্য। যা জিতে নিল নেটপাড়ার মন।

দেখা গেল বিছানায় বসে আছেন পরমব্রত। হাফ প্যান্ট আর টি-শার্ট তাঁর গায়ে। সামনে খোলা নোটপ্যাড। যদিও মন পড়ে আছে সন্তানদের দিকেই। নোটপ্যাডের ঠিক সামনে বিছানার সিংহভাগ দখল করেছে বাঘা আর নিনা। একপাশে নডি। হাতে আবার একটা কৌটো। আর এই মিষ্টি ছবি শেয়ার করে পিয়া লিখলেন, ‘টিম মিটিং। ড্যাড ওয়ার্কিং ফ্রম হোম’। ছবি দেখে সত্যি মনে হবে, যেন কোনো গোল টেবিল জরুরি বৈঠক।

আর পিয়ার এই পোস্টে একজন কমেন্ট করলেন, ‘ওলে বাবা! কী মিষ্টি ছবিখানা’। আরেকজন লিখলেন, ‘৩টে বাচ্চাই কী কিউট’!

সন্তানের জন্মের মাসখানেক আগে বহুতল ফ্ল্যাট ছেড়ে দক্ষিণ কলকাতায় একটি বাড়িও কেনেন পরমব্রত আর পিয়া। যাতে পাড়া-পরিবেশে আর পাঁচজনের মাঝে বড় হয়ে উঠতে পারে তাঁদের সন্তান। বহুতলের বদ্ধ পরিবেশে নয়, বরং সময় কাটে রোদ-হাওয়ায়। বাড়ির সামনের পার্কে খেলা করতে যেতে পারে নডি। খুব সুন্দরভাবে নিজের হাতে বাড়িখানা সাজিয়ে তুলেছেন তাঁরা। পরম ও পিয়ার করা একাধিক পোস্টে ধরা পড়ে তাঁদের বাড়ির নান্দনিক সজ্জা।

২০২৩ সালের নভেম্বর মাসে কাগুজে বিয়ে করেছিলেন পরমব্রত ও পিয়া। একেবারে ছিমছাম ঘরোয়া আয়োজনেই চার হাত এক হয়েছিল। আর বিয়ের বছর ঘোরা-র পরপরই ২০২৫ সালের প্রেম দিবসের দিন সন্তান আসার সুখবর নিয়েছিলেন ভাগ করে। এরপর ২০২৫ সালের ১ জুন সন্তান কোলে আসে পরমব্রত ও পিয়ার। সন্তানের ডাকনাম রেখেছেন নডি, আর ভালো নাম নিষাদ। ‘নিষাদ’ শব্দের অর্থ সাত সুরের সপ্তম সুর কিংবা যাকে দুঃখ কখনো ছুঁতে পারে না। আবার ছেলেকে আদর করে ‘জুনিয়র’ ডাকেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *