সোমালিল্যান্ডের ইসরাইলি স্বীকৃতি প্রত্যাখ্যান আফ্রিকান ইউনিয়নের

Spread the love

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে আফ্রিকার দেশগুলোর সংগঠন আফ্রিকান ইউনিয়ন (এইউ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তারা প্রতিশ্রতিবদ্ধ। খবর বার্তা সংস্থা আনাদোলুর।১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয় সোমালিল্যান্ড। এরপর আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে ভূখণ্ডটির নিয়ন্ত্রণকারীরা। গত বছর আবদি রহমান মোহামেদ আবদুল্লাহির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর থেকে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে ‘একটি সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেয় ইসরাইল। দখলদার দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র এদিন জানান, ইসরাইল ও সোমালিল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ দেবে এবং দূতাবাস খুলবে।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ এক বিবৃতিতে বলেন, ‘সোমালিল্যান্ডকে একটি স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে যেকোনো উদ্যোগ বা পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। সোমালিল্যান্ড সোমালিয়া ফেডারেল প্রজাতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুন্ন করার যেকোনো প্রচেষ্টা আফ্রিকান ইউনিয়নের মৌলিক নীতির পরিপন্থি এবং এটি পুরো মহাদেশে শান্তি ও স্থিতিশীলতার প্রতি সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। পাশাপাশি এই স্বীকৃতি একটি বিপজ্জনক নজির স্থাপনের ঝুঁকি তৈরি করেছে।’

সেই সঙ্গে বিবৃতিতে শান্তি সুসংহতকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এগিয়ে নেয়ার জন্য সোমালিয়ার কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *