ধারাবাহিক প্রেমিকদের কাছে সিআইডি এমন একটি অনুষ্ঠান, যা বছরের পর বছর একইভাবে মানুষের মনে জায়গা করে রেখেছে। এই অনুষ্ঠানটির প্রযোজক এবং পরিচালক বিপি সিংহ মারা গেলেন মঙ্গলবার অর্থাৎ ২৭ অক্টোবর। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
পরিচালকের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক অশোক পন্ডিত। ‘সিআইডি’ এবং ‘আহট’ সহ একাধিক জনপ্রিয় অনুষ্ঠানের স্রষ্টা ছিলেন তিনি। খুব স্বাভাবিকভাবেই পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়েছে বিনোদন দুনিয়ায়।
অশোক সিংহ পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পরিচালক তথা প্রযোজক বিপি সিংহজির প্রয়াণের খবর শুনে মর্মাহত। মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ওঁর কাজ আমাদের অনুপ্রেরণা। তিনি একজন অসাধারণ মানুষ এবং প্রিয় বন্ধু ছিলেন। ওঁর পরিবার এবং কাছের মানুষদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আগামী ২৮ অক্টোবর ওঁর শেষকৃত্য সম্পন্ন হবে।’
বিপি সিংহের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন পর্দার দয়া অর্থাৎ দয়ানন্দ শেট্টি। হিন্দুস্তান টাইম সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কনটেন্ট তৈরি করা ছাড়া ওঁর কাছে আর অন্য কোন জীবন ছিল না। তিনি নিজের কাজের প্রতি নিয়োজিত থাকতেন সবসময়। শুধুমাত্র পরিচালক হিসেবে নয় তিনি একজন সেরা ক্যামেরাম্যানও ছিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ওঁর মৃত্যুর খবর শুনে আমরা সকলে মর্মাহত।’বিপি সিংহ ওরফে বিজেন্দ্র পাল সিংহের জন্ম দেরাদুনে। ১৯৯৮ শুরু হয় সিআইডি, যার স্রষ্টা ছিলেন তিনি। ২০১০ সালে তাঁর হাত ধরে শুরু হয় সিআইডি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস। এছাড়াও ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত আহট ছবির প্রযোজক ছিলেন তিনি। সেই সময় এটি অন্যতম জনপ্রিয় ভৌতিক ধারাবাহিক ছিল।
