২০ বছরের নিষেধাজ্ঞা তুলল Google! পালটানো যাবে Gmail-র নাম

Spread the love

এবার আর কৈশোরে বানানো ‘অদ্ভুত’ ইমেল ঠিকানা বয়ে বেড়ানোর ঝামেলা নেই। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা নিয়ে এল গুগল। নতুন আপডেটের মাধ্যমে এখন থেকে জিমেল ব্যবহারকারীরা তাদের ইমেল ইউজারনেম পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, বহু বছর আগে তৈরি করা অদ্ভুত বা বিব্রতকর ইমেল ঠিকানাকে এবার সহজেই বদলে নেওয়া সম্ভব হবে।

এত দিন একবার ইমেল ঠিকানা বেছে নিলে আর তা বদলানোর কোনও উপায় ছিল না। সময়ের সঙ্গে অনেকেরই পুরনো আইডি নাম হয়ে উঠেছিল নাপসন্দ। কর্মজীবনে গিয়ে সেই ‘কিম্ভূত’ জিমেল অ্যাড্রেস নিয়ে অস্বস্তিতে পড়তেন অনেকে। বাধ্য হয়ে খুলতে হত নতুন অ্যাকাউন্ট। কিন্তু এবার আর সে চিন্তা নেই। সোশ্যাল মিডিয়া এক্স-এ মজার ছলে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও সুন্দর পিচাই লিখেছেন, ‘২০০৪ সাল ভাল ছিল, কিন্তু আপনার জিমেল অ্যাড্রেসকে সেখানে আটকে থাকতে হবে না।’ তাঁর মতে, ব্যবহারকারীদের প্রয়োজনের সঙ্গে অ্যাকাউন্টকেও সময়ের সঙ্গে বদলানোর সুযোগ দিতেই এই আপডেট আনা হয়েছে।

কী ভাবে বদলাবেন জিমেল ঠিকানা?

এই আপডেটের পর ব্যবহারকারীরা তাদের জিমেল ঠিকানার ‘@gmail.com’-এর আগের অংশটি পরিবর্তন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হল ইউজারনেম বদলালেও আপনার অ্যাকাউন্টের কোনও ডেটা হারাবে না। সমস্ত ইমেল, ছবি, ডকুমেন্ট এবং অন্যান্য তথ্য আগের মতোই সুরক্ষিত থাকবে। এছাড়া, পুরনো ইমেল ঠিকানাটি সম্পূর্ণভাবে মুছে যাবে না। বরং সেটি একটি বিকল্প ইমেল হিসেবে কাজ করবে। ফলে পুরনো ও নতুন-দুটি ঠিকানাতেই পাঠানো মেল একই ইনবক্সে পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে পুরনো অথবা নতুন-যে কোনও ইমেল আইডি ব্যবহার করেই গুগল ম্যাপস , ইউটিউব, গুগল প্লে কিংবা গুগল ড্রাইভ-সহ গুগলের সব পরিষেবায় সাইন ইন করতে পারবেন।

তবে এই সুবিধার সঙ্গে কিছু শর্তও জুড়ে দিয়েছে গুগল। একটি জিমেল ইউজারনেম বছরে মাত্র একবার পরিবর্তন করা যাবে এবং সর্বাধিক তিনবার পর্যন্ত বদলানোর সুযোগ থাকবে। এছাড়া, চাইলে ব্যবহারকারী পরে আবার পুরনো ইমেল ঠিকানাতেও ফিরে যেতে পারবেন।

‘এআই ইনবক্স’

একই সঙ্গে জিমেল-এ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়াচ্ছে গুগল। জেমিনাই-এর সাহায্যে নতুন ‘এআই ইনবক্স’ ফিচার আনা হচ্ছে। যা আপনার ইনবক্সকে আরও গোছানো এবং কার্যকর করে তুলবে। গুরুত্বপূর্ণ ইমেলগুলোকে আলাদা করে দেখানো, জরুরি কাজের কথা মনে করিয়ে দেওয়া এবং ভ্রমণ বা বুকিং সংক্রান্ত আপডেট এক জায়গায় দেখানোর মতো সুবিধা এতে থাকবে বলেই খবর। তবে জানা যাচ্ছে, এই সুবিধা আপাতত সীমিত সংখ্য কিছু ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। তবে ধীরে ধীরে তা বাকিদের জন্য চালু করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *