২৭ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা নীতিন গড়করির

Spread the love

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর রাজ্যের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিতে চাইছে কেন্দ্র ও রাজ্য সরকার। এবার বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে একগুচ্ছ সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। পাশাপাশি আগামী দিনে রাজ্যের জাতীয় সড়কগুলিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতিও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের জাতীয় সড়কগুলির চেহারা বদলে যাবে। সেগুলি তৈরি হবে আমেরিকার রাস্তার আদলে।

গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সড়ক যোগাযোগের ক্ষেত্রে নানা সমস্যা সামনে এসেছে। বিশেষ করে কলকাতা ও সংলগ্ন এলাকায় যানজট, জাতীয় সড়কের সম্প্রসারণ এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার দাবি দীর্ঘদিনের। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোলাঘাটের মঞ্চ থেকে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন নীতিন গড়করি।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো উন্নয়নে ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। আরও ২ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। আগামী দিনে অতিরিক্ত ১ লক্ষ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। নীতিন গড়করির কথায়, ‘৩ লক্ষ কোটি টাকা খরচ করেছি। ২ লক্ষ কোটি টাকার প্রজেক্ট চলছে। আগামী দিনে ১ লক্ষ কোটি টাকার প্রকল্প হবে। পাঁচ বছরের মধ্যে রাজ্যের সমস্ত জাতীয় সড়ক মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তার মতো হবে। পশ্চিমবঙ্গের চেহারা বদলে দেব, এটা আমাদের দায়িত্ব।’

শুধু রাজ্যের জাতীয় সড়ক নয়, কলকাতার যানজট সমস্যা মেটাতেও বিশেষ পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। শহরের জন্য পৃথক একটি মডেল তৈরির কথা জানিয়েছেন নীতিন গড়করি। তাঁর দাবি, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে যেমন কলকাতার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, তেমনই যানজটের সমস্যাও অনেকটা কমবে। একই সঙ্গে মেট্রো পরিষেবার সঙ্গে সড়ক যোগাযোগের সমন্বয় ঘটানোর পরিকল্পনাও রয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘মুম্বই, দিল্লির চেহারা পাল্টে দিয়েছি। কলকাতার জন্য বিশেষ মডেল বেছে নেব। সেই মডেলে মেট্রোও চলবে, যানজট থেকেও মুক্তি মিলবে। অর্থের কোনও অভাব হতে দেব না। আপনারা টাকা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন। আমি দিতে দিতে ক্লান্ত হব না।’

এদিন বারাণসী-কলকাতা হাইওয়ে নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, এই প্রকল্পের ডিটেইল্ড প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তা মন্ত্রিসভায় জমা পড়েছে। এই মহাসড়ক তৈরি হলে কলকাতা থেকে বারাণসী পৌঁছতে সময় লাগবে মাত্র পাঁচ ঘণ্টা। পাশাপাশি কলকাতার চারপাশে প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির ঘোষণাও করেছেন তিনি। নীতিন গড়করির কথায়, ‘আমি কলকাতাকে একটি আধুনিক শহরে পরিণত করতে চাই। কলকাতার চারপাশে ২৫০ কিলোমিটার রিং রোড নির্মাণের ঘোষণা করছি। এটা তো সবে শুরু।’

Leave a Reply