৮ ঘণ্টার বেশি কাজ করেন না অক্ষয় কুমার!

Spread the love

বলিউডে কাজের সময়সীমা নিয়ে আলোচনা উঠলেই সবার আগে উঠে আসে দীপিকা পাড়ুকোনের নাম। তবে এই তালিকায় রয়েছেন আরও এক তারকা। তিনি হলেন অক্ষয় কুমার। নির্দিষ্ট সময় মেনেই কাজ করতে পছন্দ করেন অভিনেতা। নিয়ম মেনে সেটে আসেন, আবার নির্দিষ্ট সময় পেরোলেই কাজ শেষ করে বাড়ি ফিরে যান। আট ঘণ্টার বেশি কাজ করতে নারাজ তিনি। আর এই অভ্যাসের জেরেই নাকি একাধিক ছবির অফার হাতছাড়া হয়েছে তাঁর। এমনকী, অনেক পরিচালক তাঁকে ছবিতে নিতে চান না বলেও দাবি করেছেন অভিনেতা।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে হাজির হয়ে নিজের কাজের ধরন নিয়ে মুখ খুলেছেন অক্ষয়। অনুষ্ঠানে নবাগত পরিচালকদের সুযোগ দেওয়ার প্রসঙ্গে করণ জোহর অভিনেতার প্রশংসা করেন। সেই সময়ই নিজের আট ঘণ্টার কাজের নিয়ম নিয়ে মুখ খোলেন খিলাড়ি কুমার।

অক্ষয়ের কথায়, অনেক বড় পরিচালক তাঁকে ছবিতে নিতে চান না। কারণ, তাঁদের ধারণা, অভিনেতা দিনে মাত্র আট ঘণ্টা কাজ করেন। তবে এই ধারণা যে পুরোপুরি ঠিক নয়, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। অক্ষয়ের বক্তব্য, “অনেক বড় বড় মানুষ আমায় কাস্ট করতে চান না। আমি নাকি মাত্র আট ঘণ্টা কাজ করি। কিন্তু অনেকেই ভুলে যান, ওই আট ঘণ্টায় আমি একবারও আমার ভ্যানিটি ভ্যানে যাই না। আমার কাজ ক্যামেরার সামনে থাকা। ওই আট ঘণ্টা আমি শুধুমাত্র কাজের জন্যই দিই। বাকি সময়টা আমার পরিবারের জন্য।”

অর্থাৎ, কাজের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের পুরোটা উজাড় করে দিতে চান অভিনেতা। কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখাই তাঁর লক্ষ্য।

অনুষ্ঠানে অক্ষয়ের কাজের প্রশংসা করেন অভিনেতা রবি কিষানও। তাঁর দাবি, সাধারণত মাত্র ৫৫ দিনের মধ্যে একটি ছবির শুটিং শেষ করে ফেলেন অক্ষয়। প্রযোজকদের কাছে যা অত্যন্ত লাভজনক। শুধু তাই নয়, কম সময়ে ছবির কাজ শেষ করার ফলে গোটা ইউনিটের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় বলেও জানান তিনি।

কিন্তু এত কম সময়ে কীভাবে একটি ছবির শুটিং শেষ করেন অক্ষয়? পরিচালকের এই প্রশ্নের উত্তরে হলিউডের দুই তারকার উদাহরণ টানেন অভিনেতা। অক্ষয় জানান, সম্প্রতি পরিচালক ক্রিস্টোফার নোলানের একটি সাক্ষাৎকার পড়েছেন তিনি। সেখানে নাকি নোলান জানিয়েছেন, একটি ছবির জন্য ৯০ দিনের বেশি কাজ করেন না তিনি। পাশাপাশি টম ক্রুজের কথাও উল্লেখ করেন অক্ষয়। তাঁর দাবি, ‘মিশন: ইম্পসিবল’ ছবির কাজ মাত্র ৫৫ দিনে শেষ করেছিলেন হলিউডের এই তারকা।

অক্ষয় কুমারের আগামী ছবি

কাজের সময়সীমা নিয়ে আলোচনার মাঝেই এখন নজর অক্ষয়ের আগামী ছবির দিকে। অভিনেতাকে আগামী দিনে রোহিত শেট্টির ‘গোলমাল ৫’-এ দেখা যাবে। এই জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতে অক্ষয়ের পাশাপাশি অভিনয় করবেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, শারমান জোশি, শ্রেয়াস তলপাড়ে এবং তুষার কাপুর।

ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। সব ঠিক থাকলে ২০২৭ সালের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘গোলমাল ৫’-এর। এবার এই ছবিতে অক্ষয়ের উপস্থিতি দর্শকদের কতটা মাতিয়ে রাখে, সেটাই দেখার।

Leave a Reply