বিহারের মন্ত্রী নীতিন নবীনকে দলের জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ করল বিজেপি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড বিহার সরকারের মন্ত্রী নীতিন নবনকে অবিলম্বে কার্যকর করার জন্য ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী সভাপতি নিয়োগ করেছে।’ বিহারের মন্ত্রী নীতিন নবীনই এবার জেপি নড্ডার গদিতে বসছেন পদ্মশিবিরের অন্দরে। কে তিনি?
নীতিন নবীন সম্পর্কে কিছু তথ্য:-
১৯৮০ সালে জন্মগ্রহ নীতিন নবীন, যে বছর বিজেপি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বছরই জন্ম তাঁর। এমনই তথ্য বলছে উইকিপিডিয়া। বর্তমানে ৪৫ বছর বয়সে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়ে দলের সর্বকনিষ্ঠ সভাপতি হতে চলেছেন।
নীতিন নবীন সিনহার জন্ম ২৩শে মে ১৯৮০ সালে বিহারের পাটনায়। তিনি প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র। ফলত ছোট থেকেই রাজনৈতিক পরিসরেই তাঁর বেড়ে ওঠা। ২০০৬ সালে তার বাবার মৃত্যুর পর তিনি সক্রিয় নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন। উইকিপিডিয়ার তথ্য বলছে, তিনি ১৯৯৮ সালে দিল্লির সি. এস. কে. এম. পাবলিক স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। নবীন ২০০৬ সালে পাটনা পশ্চিম থেকে উপনির্বাচনে তাঁর প্রথম নির্বাচনে জয়লাভ করেন এবং বিহার বিধানসভার সদস্য হন। ২০২৫ সালে নীতিন নবীন বিহারের নীতীশ মন্ত্রিসভারও সদস্য হয়েছেন। এর মাঝের সময় বিহারের মন্ত্রিসভায় বিভিন্ন দায়িত্বে ছিলেন নবীন। এদিকে বিজেপির জন্যও বিভিন্ন সময়ে নীতিন নবীন গুয়াহাটি ও জম্মু ও কাশ্মীরে কাজ করেছেন।

এদিন নীতিন নবীনের জন্য শুভেচ্ছা বার্তা এসেছে নরেন্দ্র মোদীর তরফেও। তিনি বলেন,’কঠোর পরিশ্রমী কার্যকর্তা হিসেবে শ্রী নীতিন নবীনজি নিজেকে স্বতন্ত্র করে তুলেছেন। তিনি একজন তরুণ এবং পরিশ্রমী নেতা, যার সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে এবং বিহারে বিধায়ক এবং মন্ত্রী হিসাবে একাধিকবার তাঁর চিত্তাকর্ষক রেকর্ড রয়েছে। মানুষের আশা-আকাঙ্খা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি তাঁর নম্র প্রকৃতি এবং কাজের শৈলীর জন্য পরিচিত। আমি আশাবাদী যে তাঁর প্রাণশক্তি ও নিষ্ঠা আগামীদিনে আমাদের দলকে শক্তিশালী করবে। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি হওয়ার জন্য তাঁকে অভিনন্দন।’