৫০% বাড়ছে লোকসভার আসন! মহিলাদের বরাদ্দ ২৭২ সিট

Spread the love

দেশের সংসদীয় রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি এবং মহিলাদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, ভবিষ্যতে দেশের প্রতিটি রাজ্যে সংসদীয় আসনের সংখ্যা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে মোট লোকসভা আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ৮১৫-এ পৌঁছাতে পারে। এই প্রস্তাবিত আসনগুলির মধ্যে ২৭২টি মহিলাদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনাও রয়েছে, যা নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিন কেন্দ্রীয় সরকার লোকসভায় তিনটি সংশোধনী বিল পেশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংবিধানের ১৩১ তম সংশোধন। এছাড়া, ডিলিমিটেশন কমিশন এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইনের সংশোধনী বিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে সংসদে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে এবং রাজনৈতিক ক্ষেত্রে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় নতুন দিশা মিলবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের গণতান্ত্রিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। সংসদের কার্যসূচিতে নতুন গতি আনতে তিন দিনের একটি বিশেষ অধিবেশন শুরু হয়েছে, যা মূলত বাজোট অধিবেশনের সম্প্রসারিত পর্ব। এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী সাংবিধানিক সংশোধনী এবং সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পেশ করেছেন। একই সঙ্গে অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করেন। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য ভাষণ নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আশা করা হচ্ছে, তিনি লোকসভায় বক্তব্য রাখতে পারেন এবং নারী সংরক্ষণ ও ডিলিমিটেশন সংক্রান্ত বিলের পক্ষে বিরোধীদের সমর্থন চাওয়ার চেষ্টা করবেন।নারী সংরক্ষণ বিল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সংসদে এবং বিধানসভা ও বিধান পরিষদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ এবং সংসদীয় কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত বিল নিয়ে লোকসভায় বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের তরফে অসমের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, তাঁরা চান লোকসভার বর্তমান আসন সংখ্যা অপরিবর্তিত রেখে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সিট সংরক্ষণ করা হোক। সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কোন‌ মানদণ্ডে সরকার লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়াতে চাইছে? তাঁর অভিযোগ, মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলে কেন্দ্রীয় সরকার আসলে বিজেপির ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করতে চাইছে। কংগ্রেস নেতার অভিযোগ, বর্ধিত আসন সংখ্যা নির্ধারণ করে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সরকারের তরফে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, সর্বদলীয় বৈঠকে সরকার আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টি ব্যাখ্যা করেছে। কিন্তু কংগ্রেস সেই বৈঠক বয়কট করে। ‌এনডিএ সরকারের মতে, বহুদিন ধরে অপেক্ষমাণ এই বিল বাস্তবায়ন সময়ের দাবি। যদিও ২০২৩ সালে এই বিল পাস হয়েছিল, তা এখনও কার্যকর হয়নি। নতুন সংশোধনীতে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *