৯০০ টন ত্রাণ নিয়ে তুরস্ক থেকে গাজার পথে ‘গুডনেস শিপ’

Spread the love

গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছাতে তুরস্ক থেকে রওনা দিয়েছে ১৭তম ‘গুডনেস শিপ’। দেশটির মেরসিন বন্দর থেকে ৯০০ টন ত্রাণ নিয়ে মিশর হয়ে জাহাজটি পৌঁছাবে গাজার কেরেম আবু সালেম সীমান্তে।দুই বছর ধরে চলা হামাস-ইসরাইলের সংঘাতের মধ্যে ১৬টি জাহাজ ও ১৪টি বিমানযোগে গাজায় ত্রাণ পাঠিয়েছে তুরস্ক। এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরিকল্পনা কার্যকর হওয়ার পর ১৭তম জাহাজটি যাচ্ছে গাজায়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং মিশরীয় রেড ক্রিসেন্টের যৌথ সহযোগিতায় গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে মানবিক সহায়তাকারী জাহাজটি। প্রায় ১৭টি বেসরকারি সংস্থার অংশগ্রহণে পাঠানো জাহাজে তোলা হয়েছে খাদ্য, টিনজাত পণ্য ও শিশুখাদ্যসহ নানা প্রয়োজনীয় সামগ্রী। 

সংশ্লিষ্টরা বলছেন, ‘আজ আমাদের জাহাজ গাজার পথে। ৯০০ টন খাদ্য, টিনজাত খাবার ও শিশু খাদ্যবাহী জাহাজটি ইনশাআল্লাহ খুব শিগগিরই মিশর হয়ে গাজায় পৌঁছাবে।’ কর্তৃপক্ষ আরও জানায়, এল-আরিশ বন্দর থেকে সরাসরি গাজার কেরেম আবু সালেম সীমান্তে পৌঁছাবে সহায়তা, যা যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের মৌলিক খাদ্য ও শিশুস্বাস্থ্য চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।

গাজায় যুদ্ধবিরতির পর তুরস্কের এই ‘গুডনেস শিপ’ শুধুই মানবিক সহায়তা নয়, উপত্যকাটিতে আশার প্রতীক হয়ে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *