74th State Athletics Championship 2026: ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রেকর্ডের ছড়াছড়ি হল। চার দিনে মোট ৩৬টি মিট রেকর্ড তৈরি হয়েছে। জেলা, ক্লাব, কর্পোরেট অফিস এবং বিভিন্ন অনুমোদিত সংস্থার ১,৪০০-রও বেশি অ্যাথলিট এই প্রতিযোগিতায় অংশ নেন। রেকর্ড ভাঙার মহোৎসবে সেরার মুকুট ইস্টবেঙ্গল ক্লাবের মাথায় উঠেছে। আবার মোহনবাগানের স্প্রিন্টার তহুরা খাতুন অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করে ফেলেছেন।
ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দ্বৈরথ: চ্যাম্পিয়ন লাল-হলুদ
মাঠের লড়াইয়ে বরাবরের মতোই মূল আকর্ষণ ছিল দুই প্রধান – ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। তবে টুর্নামেন্ট শেষে পয়েন্ট টেবিলের বিশাল ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে সামগ্রিক চ্যাম্পিয়নের খেতাব বা ওভারঅল চ্যাম্পিয়নশিপ ট্রফি ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।
১) সামগ্রিক চ্যাম্পিয়ন: ইস্টবেঙ্গল ক্লাব। পেয়েছে ৯০৪.৫ পয়েন্ট।
২) সামগ্রিক রানার্স-আপ: মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। পেয়েছে ৬২০.৫ পয়েন্ট।

ভাঙল ৪১ বছরের রেকর্ড, আন্তর্জাতিক মঞ্চে বাংলার মেয়ে
এই চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র নতুন রেকর্ডের জন্যই নয়, বরং কিছু ঐতিহাসিক মুহূর্তের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। সিনিয়র পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টে দীপ পণ্ডিত ৪১ বছরের পুরনো মিট রেকর্ড ভেঙে বাংলায় এক নতুন ইতিহাস তৈরি করেছেন। অন্যদিকে মোহনবাগানের স্প্রিন্টার তাহুরা খাতুন ৪০০ মিটার দৌড়ে অনন্য পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য সরাসরি কোয়ালিফাই বা যোগ্যতা অর্জন করেছেন।