Ex-Army Officer on IPS Ankita Sharma: শাড়ি পরে একে-৪৭ চালানোর অভিযোগে তুমুল বিতর্কের মুখে পড়লেন আইপিএস অফিসার অঙ্কিতা শর্মা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি আদতে ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার বলে অভিযোগ উঠেছে। আর তা নিয়ে তাঁকে তুলোধোনা করলেন ভারতীয় সেনার প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কনওয়াল জিৎ সিংহ ধিঁলো (‘টাইনি ধিঁলো’ নামেও পরিচিত)।
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সেনার প্রাক্তন অফিসার
ভারতীয় সেনার চিনার কোরের প্রাক্তন কমান্ডার তথা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রাক্তন ডিরেক্টর জেনারেল রীতিমতো কড়া ভাষায় জানিয়েছেন, চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন আইপিএস অফিসার। অস্ত্র চালানোর বিধি লঙ্ঘন করেছেন। এরকম কাজের জন্য তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তুলেছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ধিঁলো।
একাধিক ভুল আইপিএস অফিসারের, বেছে-বেছে ধরালেন প্রাক্তন সেনাকর্তা
আইপিএস অফিসারের ভিডিয়ো রিটুইট করে আইপিএস অফিসারের তীব্র নিন্দা করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ধিঁলো বলেছেন, ‘এই ভিডিয়োয় কী কী ভুল আছে? প্রথমত, লোড করা আগ্নেয়াস্ত্রের অত্যন্ত বিপজ্জনক ও ভুল ব্যবহার। দ্বিতীয়ত, অস্ত্র চালানোর ক্ষেত্রে সুরক্ষা সংক্রান্ত যাবতীয় দিক লঙ্ঘন করা হয়েছে। তৃতীয়ত, সরকারিভাবে অনুমোদিত নয় এমন পোশাক পরে অনুমোদনহীন কাজের জন্য সরকারি অস্ত্র ব্যবহার করা। চতুর্থত, ট্রেনিং অ্যাকাডেমিতে অস্ত্র সামলানোর যে মৌলিক নিয়ম আছে, তা মেনে চলা হয়নি।’আরও একাধিক গাফিলতির কথা উল্লেখ করে ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত অফিসার বলেছেন, ‘পঞ্চমত, এরকম দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে নিজের বা অন্যের মৃত্যু হতে পারে অথবা জখম হতে পারেন। ষষ্ঠত, সামগ্রিকভাবে এটি দায়িত্বহীন কর্তৃত্ব প্রদর্শনের একটি নিকৃষ্ট উদাহরণ। সপ্তমত, এই ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনার পুনরাবৃত্তি রুখতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।’

বিজয়া দশমীর দিন সেই ঘটনা ঘটে বলে অভিযোগ
আর যে ভিডিয়ো দেখে লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ধিঁলো সেই মন্তব্য করেছেন, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একাধিক মিডিয়া রিপোর্টকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে, বিজয়া দশমীর দিন অস্ত্রপুজোর আয়োজন করা হয়েছিল। সেইসময় হাতে একে-৪৭ নিয়ে শূন্যে একের পর এক গুলি চালাতে দেখা যায় আইপিএস অফিসারকে। অভিযোগ উঠেছে যে নয় রাউন্ড গুলি চালান তিনি। যে ভিডিয়ো পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।