বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে একাধিকবার প্রকাশ্যে সরব হয়েছেন সুনীতা। অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এবার স্ত্রীর সেই অভিযোগের জবাব দিলেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’। তবে সরাসরি অভিযোগ খণ্ডন করার পরিবর্তে গোবিন্দার দাবি, কেউ একজন ইচ্ছাকৃতভাবে তাঁর স্ত্রীকে প্রভাবিত করছেন। এমনকী, সাত-আট বছর আগেই নাকি এই পরিস্থিতির আঁচ পেয়েছিলেন অভিনেতা।
সুনীতাকে কে প্রভাবিত করছে? মুখ খুললেন গোবিন্দা
সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন গোবিন্দা। অভিনেতা জানান, তাঁকে নিয়ে কে কী বলছেন, তা নিয়ে বিশেষ মাথা ঘামাতে চান না তিনি। তাঁর মতে, প্রত্যেকেই নিজের মতো করে পরিস্থিতির প্রতিক্রিয়া জানাচ্ছেন।
গোবিন্দার কথায়, ‘দেশজুড়ে অনেকেই নানা প্রতিক্রিয়া দিচ্ছেন, বিশেষ করে মহিলারা। তাঁদের প্রতিক্রিয়া নিয়ে আমার কোনও আপত্তি নেই। আমি চুপ থাকতেই পছন্দ করি। কারণ জানি, এই সময়টা কেটে গেলেও কথার আঘাত থেকে যাবে। তাই বাধ্য না হলে নিজের আচরণ নিয়ে কাউকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চাই না।’
অভিনেতা আরও জানান, কাউকে প্রকাশ্যে অস্বস্তিতে ফেলা বা অপমান করা তাঁর স্বভাব নয়। বরং পরিস্থিতি যতই জটিল হোক, তিনি সংযম বজায় রাখতে চান।

‘সাত-আট বছর আগেই বুঝেছিলাম…’, বিস্ফোরক গোবিন্দা
দাম্পত্য জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে অতীতের একটি প্রসঙ্গ টেনে আনেন গোবিন্দা। তাঁর দাবি, সাত-আট বছর আগেই তিনি বুঝতে পেরেছিলেন, ভবিষ্যতে এমন সমস্যার মুখোমুখি হতে পারেন।
অভিনেতার বক্তব্য, দীর্ঘদিন ধরেই তাঁর নামের সঙ্গে নানা নেতিবাচক আলোচনা জড়িয়ে রয়েছে। অনেকেই নাকি আগে থেকে বলে এসেছেন, একদিন তিনি বিশ্বাসঘাতকতা করবেন।
গোবিন্দার দাবি, বর্তমানে তাঁকে এবং সুনীতাকে ঘিরে এক ধরনের ‘খেলা’ চলছে। তাঁর কথায়, প্রত্যেক পরিবারেই এমন একটা সময় আসে, যখন কাছের মানুষরাও অন্যের কথায় প্রভাবিত হয়ে পড়েন। সুনীতার ক্ষেত্রেও তেমনটাই ঘটছে বলে মনে করছেন তিনি।যদিও কারা তাঁর স্ত্রীকে প্রভাবিত করছেন, সেই বিষয়ে নির্দিষ্ট করে কারও নাম প্রকাশ করেননি অভিনেতা।
স্ত্রীর প্রশংসাও করলেন গোবিন্দা
দাম্পত্য জীবনে টানাপোড়েন চললেও সুনীতার অবদান অস্বীকার করতে নারাজ গোবিন্দা। বরং নিজের সাফল্যের পিছনে স্ত্রীর ভূমিকার কথা স্বীকার করেছেন তিনি।
অভিনেতা জানান, জীবনে যে নাম, যশ ও সম্মান অর্জন করেছেন, তার পিছনে মায়ের আশীর্বাদের পাশাপাশি সুনীতার অবদানও রয়েছে। স্ত্রীকে নিজের জন্য সৌভাগ্যবতী বলেও উল্লেখ করেন তিনি।
গোবিন্দার দাবি, সুনীতাকে বোঝানোর চেষ্টা করলেও এই মুহূর্তে তিনি হয়তো বুঝতে পারবেন না যে অন্যের কথায় প্রভাবিত হচ্ছেন। তাই আপাতত স্ত্রীকে নিজের মতো সময় দিতে চান অভিনেতা।
‘আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল বুঝবে ওরা’
সাক্ষাৎকারে গোবিন্দা স্পষ্ট জানিয়েছেন, কোনও পরিস্থিতিতেই তিনি স্ত্রীর সম্মানহানি করতে চান না। সুনীতার অভিযোগের পাল্টা আক্রমণ না করে ধৈর্য ধরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অভিনেতার কথায়, যাঁরা সুনীতাকে প্রভাবিত করছেন, তাঁরা ক্লান্ত না হওয়া পর্যন্ত তিনি অভিযোগ এড়িয়ে যাবেন। তারপরই তাঁরা বুঝতে পারবেন, গোবিন্দার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ভুল করেছেন।
গোবিন্দার মতে, তিক্ততা থেকে কখনও মধুর সম্পর্ক তৈরি হয় না। তাই কোনও ফাঁদে পা না দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন তিনি।
২০-২২ কোটির প্রস্তাবও ফিরিয়েছেন গোবিন্দা!
ব্যক্তিগত জীবনের নানা সংকটের প্রসঙ্গে নিজের পায়ে গুলি লাগার ঘটনাও টেনে আনেন অভিনেতা। তাঁর দাবি, সেই দুর্ঘটনার পর এক পা হারানো ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য একাধিক প্রস্তাব পেয়েছিলেন তিনি। এমনকী, ২০ থেকে ২২ কোটি টাকার প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছেন।
কলকাতার মন্দিরে গিয়ে কী প্রার্থনা করেছিলেন সুনীতা?
এদিকে গত মাসে কলকাতার একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সুনীতা আহুজা। সেই সফরের ছবি সমাজমাধ্যমে ভাগ করে একটি ইঙ্গিতপূর্ণ বার্তাও দিয়েছিলেন তিনি।সুনীতা লিখেছিলেন, তাঁর জীবনের সমস্ত অশুভ শক্তি যেন একসঙ্গে দূর হয়ে যায়। পাশাপাশি নিজের সংসার ভেঙে পড়ার আশঙ্কার কথা জানিয়ে মহিলাদের এবং তরুণ প্রজন্মের সমর্থনও চেয়েছিলেন তিনি।
এর আগেও গোবিন্দার আগামী হোম প্রোডাকশন ছবি ‘রূপা’-র তরুণ অভিনেত্রী কোমল রানির সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন সুনীতা। যদিও সেই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি।