শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘আউরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর প্রথম কনসার্টেই উপস্থিত হাজার হাজার অনুরাগীর সামনে সুরের পাশাপাশি ক্ষোভ উগড়ে দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। কিছুদিন আগে তাঁর ‘আমি স্রেফ একজন শিল্পী’ মন্তব্য ঘিরে ‘ককরোচ জনতা পার্টি’র কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। দিলজিৎ অভিনীত বিতর্কিত সিনেমা ‘সতলুজ’ নিয়ে বিদ্রূপ করার বিরুদ্ধে দিল্লির কনসার্টের মঞ্চ থেকেই কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন এই তারকা।
‘আমাদের লড়াই শেখাতে আসবেন না’: দিলজিতের কড়া বার্তা
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে তাঁর অবস্থান জানতে চাওয়া হলে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে কিছুদিন আগে দিলজিৎ বলেছিলেন, ‘আমি একজন শিল্পী মাত্র’। এরপরই সিজেপির নেতা অভিজিৎ দিপকে সহ একাধিক সমালোচক এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং ‘সতলুজ’এর মতো রাজনৈতিক প্রেক্ষাপটের ছবিতে অভিনয় করা সত্ত্বেও ছাত্র আন্দোলনের পক্ষে না দাঁড়ানোয় তাঁকে ‘ভণ্ড’ বলে আখ্যা দেন।
শুক্রবার কনসার্টে সরাসরি কারও নাম না নিয়ে দিলজিৎ বলেন, ‘আমি একজন শিল্পী, ভাই! আমি সবাইকে ভালোবাসি। আমি চুপ আছি, তাই আমাকে শান্ত থাকতে দিন। আমি আপনাদের সবাইকে সমর্থন করি। কিন্তু দয়া করে পাঞ্জাবিদের কীভাবে যুদ্ধ বা লড়াই করতে হয়, তা শেখাতে আসবেন না!’
‘সতলুজ’ ছবি নিয়ে আবেগঘন বক্তব্য:
পাঞ্জাবের প্রখ্যাত মানবাধিকার কর্মী জাসওয়ান্ত সিং খালরা (Jaswant Singh Khalra)-র জীবনের সত্য ঘটনা এবং আটের ও ৯০-এর দশকের বেআইনি হত্যাকাণ্ড ও গোপন সৎকারের পটভূমিতে তৈরি হয়েছিল হানি তেহরান পরিচালিত ‘সতলুজ’ (পূর্বনাম ‘পাঞ্জাব ৯৫’)। সেন্সর বোর্ডের কাটছাঁটের পর চলতি বছরের ৩ জুলাই ‘জি৫’ (ZEE5)-এ এটি মুক্তি পেলেও মাত্র দুদিনের মাথায় ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়।

ছবিতে জাসওয়ান্ত সিং খালরার চরিত্রে অভিনয় করা দিলজিৎ মঞ্চ থেকে আবেগঘন গলায় বলেন, ‘মঞ্চে দাঁড়িয়ে আপনারা যে ছবিটা নিয়ে মজা ও বিদ্রূপ করছেন— জাসওয়ান্ত সিং খালরা জির সেই ছবিটার জন্য আমরা দীর্ঘ সময় ধরে লড়াই করেছি! আমি আপনাদের সবাইকে ভালোবাসি। কেউ আমাদের ঘৃণা করলেও ঠিক আছে, কিন্তু আমি সকলকে ভালোবাসব।’
জাঁকজমকপূর্ণ ‘আউরা ইন্ডিয়া ট্যুর’ শুরু:
বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা আন্তর্জাতিক সফরের পর বুকমাইশো লাইভ এবং লাইভ নেশনের (Live Nation) যৌথ উদ্যোগে ভারতের মাটিতে শুরু হয়েছে দিলজিতের ‘আউরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’। হাউসফুল দিল্লির স্টেডিয়ামে আলোর রোশনাই ও ড্রোনের প্রদর্শনীতে জমকালো সূচনা হলেও, দিলজিতের এই সোজাসাপটা প্রতিবাদই আপাতত বিনোদন ও সামাজিক মাধ্যমে সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।