PM Modi on Savings: টাকা সঞ্চয়ের উপরে জোর দিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র উদ্ধৃত করে দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ক্যাবিনেট মন্ত্রী এবং সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে সঞ্চয়ের উপরে গুরুত্ব আরোপ করতে হবে। মানুষ যাতে সঞ্চয় করেন, তার প্রচার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ভারত ‘খাও, পিও, মৌজ করো’ (খাওদাও ও মজা করো) সংস্কৃতিতে বিশ্বাস করে না।
‘বেহিসেবি খরচের জেরে ফের যাতে বিপদে না পড়েন….’
সংশ্লিষ্ট মহলের মতে, প্রধানমন্ত্রী যে সঞ্চয়ের উপরে জোর দিয়েছেন, সেটার নেপথ্যে আছে ইতিবাচক চিন্তা। ওই প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে প্রায় ৫০ কোটি মানুষকে যে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা গিয়েছে, তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে আসা মানুষরা বেহিসেবি খরচের জেরে ফের যাতে বিপদে না পড়েন, সেজন্যই প্রধানমন্ত্রী সতর্ক করার পরামর্শ দিয়েছেন বলে ওই মহলের তরফে জানানো হয়েছে।
নকশালবাদ নিয়েও বার্তা প্রধানমন্ত্রীর
সেই রেশ ধরে ওই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী জানান, মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে তাঁর সরকারের নীতি প্রথম থেকেই কঠোর। তাঁর কথায়, ‘নকশাল হিংসায় সবচেয়ে বেশি ভুগতে হয়েছে আদিবাসীদের। ২০১৪ সালে অন্তত ১২৫টি গ্রামে এই সমস্যা ছিল। প্রতি বছর প্রচুর সংখ্যক হিংসাত্মক ঘটনার কথা শোনা যেত। অনেক মানুষ মারা যেতেন।’

সেইসঙ্গে তিনি বলেন, আগের সরকার আদিবাসীদের জন্য কিছুই করেনি। মাওবাদীরা সাধারণ মানুষকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করেছে বার বার। জোর করে মায়ের কোল থেকে সন্তানকে কেড়়ে নেওয়া হয়েছে। আজ মাওবাদ শেষ। এর ফলে ক্ষতিগ্রস্তেরাও এখন চাকরি, শিক্ষার সুযোগসুবিধা পাচ্ছেন।’ যে বিষয়টি নিয়ে বুধবারও কেন্দ্রীয় মন্ত্রী এবং সচিবদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
দারিদ্র্যসীমার উপরে প্রায় ৫০ কোটি মানুষকে তুলে আনা হয়েছে
এমনিতে গত রবিবার বিরসা মুন্ডার ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী গত ১২-১৩ বছরে ভারতের প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত এটি ভারত সরকারের অন্যতম বড় সাফল্য। তবে এতে কোনও সরকারের একার কৃতিত্ব নেই। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক নীতির পাশাপাশি সবপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন মোদী।