বিগ বস বাংলার ঘরে প্রেম, অভিমান, ঝগড়া এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তবে এবার বিয়েকে কেন্দ্র করে নতুন করে চর্চায় উঠে এলেন রাজবীর ও নন্দিনী। সোমবারের এপিসোডে বিয়ে নিয়ে রাজবীরের একটি মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তাঁর স্পষ্ট বক্তব্য, মায়ের মতের বিরুদ্ধে গিয়ে কোনওভাবেই নন্দিনীকে বিয়ে করবেন না তিনি। আর রাজবীরের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে যেমন নেটপাড়ার একাংশ তাঁকে কটাক্ষ করছে, অন্যদিকে তাঁর বক্তব্যে মন খারাপ হয়েছে নন্দিনীরও।
বিগ বস বাংলার শুরু থেকেই রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। তাঁদের প্রেম সত্যি, নাকি শুধুই ক্যামেরার সামনে দর্শকদের মনোরঞ্জনের জন্য—এই প্রশ্ন বারবার উঠেছে। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা গিয়েছে দুজনকেই। এমনকী বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পরেও রাজবীরের প্রতি নিজের অনুভূতির কথা জানিয়েছেন নন্দিনী।
অন্যদিকে, রাজবীরের আচরণেও নন্দিনীর প্রতি ভালোবাসার প্রকাশ দেখা গিয়েছে। কখনও বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে বসে নতুন বছরে নন্দিনীকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন, আবার কখনও প্রেমিকার জন্য নিজের হাতে উপহার তৈরি করতেও দেখা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বেড়েছে।
কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিয়ে নিয়ে রাজবীরের মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজবীর জানিয়েছেন, তাঁর মা যদি নন্দিনীকে বিয়েতে সম্মতি না দেন, তাহলে তিনি মায়ের অমতে বিয়ে করবেন না। তবে তাঁর বিশ্বাস, তাঁদের কিছু ভুলের কারণে মা আপাতত অসন্তুষ্ট থাকলেও শেষ পর্যন্ত ছেলের ভালোবাসাকে স্বীকৃতি দেবেন। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
তবে রাজবীরের এই বক্তব্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। নেটপাড়ার একাংশের প্রশ্ন, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যদি মায়ের অনুমতি এতটাই জরুরি হয়, তাহলে সম্পর্কের অন্যান্য ক্ষেত্রে সেই অনুমতির কথা কেন ভাবা হয়নি? এমনকী কটাক্ষ করে এক নেটিজেনের মন্তব্য, ‘একসঙ্গে শোওয়ার সময় কেন নেননি মায়ের অনুমতি?’ স্বাভাবিকভাবেই এই ধরনের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

এদিকে, রাজবীরের বক্তব্যে যে নন্দিনী কিছুটা আঘাত পেয়েছেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই স্পষ্ট। নন্দিনীর কথায়, তাঁদের সম্পর্কের বয়স মাত্র দু’মাস। তাও আবার বিগ বসের মতো একটি রিয়্যালিটি শোয়ের পরিবেশে। তাই বাইরের পৃথিবীতে বেরিয়ে একে অপরকে আরও ভালোভাবে চেনার এবং বোঝার সুযোগ চান তাঁরা। সম্পর্ককে সময় দিয়ে তারপর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান নন্দিনী। তবে তাঁর মতে, রাজবীর চাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথাগুলো অন্যভাবেও বলতে পারতেন। অর্থাৎ রাজবীরের বক্তব্যে সরাসরি সম্পর্ক ভেঙে দেওয়ার ইঙ্গিত না থাকলেও, তাঁর জবাবে যে নন্দিনীর মন খারাপ হয়েছে, তা বুঝতে অসুবিধা হয়নি অনুরাগীদের।
তবে এই বিতর্কে এবার মুখ খুলেছেন নন্দিনীর মা-বাবাও। রাজবীরের বক্তব্যকে সমর্থন করেছেন নন্দিনীর মা পূজা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমি নন্দিনীর মা। রাজবীর আজ যে কথাগুলো বলেছে সত্যিই ঠিক বলেছে। মাকে কষ্ট দিতে চায় না, আমি এটা ঠিক মনে করি।’ অর্থাৎ মেয়ের সঙ্গে রাজবীরের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও, মায়ের প্রতি রাজবীরের শ্রদ্ধার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
শুধু নন্দিনীর মা নন, তাঁর বাবার প্রতিক্রিয়াও বেশ তাৎপর্যপূর্ণ। রাজবীরের বক্তব্যের প্রশংসা করে তিনি জানিয়েছেন, এই উত্তর শোনার পর রাজবীরের প্রতি তাঁর ভালোবাসা আরও বেড়ে গিয়েছে। তাঁর কথায়, ‘রাজবীরের উত্তর একেবারেই সঠিক ছিল, ওর প্রতি ভালোবাসা আমার আরও বেড়ে গেল। এই পৃথিবীতে সবার আগে মা। যে মাকে খুশি করতে পারে না, সে কাউকে করতে পারবে না।’ নন্দিনীর বাবা-মায়ের এমন প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, রাজবীর ও নন্দিনীর সম্পর্কের নানা ওঠাপড়ার সাক্ষী থেকেছে বিগ বস বাংলার দর্শকরা। কখনও একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ, আদর, ঘনিষ্ঠতা, আবার কখনও তীব্র মনোমালিন্য ও ঝগড়া—সবই দেখা গিয়েছে রিয়্যালিটি শোয়ের ঘরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে একবার হাতাহাতির ঘটনাও ঘটে। আর সেই ঘটনার জেরেই বিগ বসের নিয়ম ভাঙার অভিযোগে শো থেকে বহিষ্কার করা হয় নন্দিনীকে।
প্রাক্তন প্রতিযোগী ভরত কল অবশ্য প্রথম থেকেই রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে সংশয় প্রকাশ করে এসেছেন। তাঁর দাবি, এই প্রেমের পিছনে শোয়ের জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্য থাকতে পারে। অন্যদিকে, অভিনেত্রী সোনামণি সাহা একেবারে ভিন্ন মত পোষণ করেছেন। তাঁর বক্তব্য, তিনি দুজনের ভালোবাসার সাক্ষী থেকেছেন। তাই এই সম্পর্ককে কোনওভাবেই ভুয়ো বলে মনে করেন না তিনি।
সব মিলিয়ে রাজবীরের বিয়ে নিয়ে মন্তব্য ঘিরে বিগ বস বাংলার দর্শকদের মধ্যে নতুন করে চর্চা শুরু হয়েছে। নন্দিনী ও রাজবীরের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, তা এখনই বলা সম্ভব নয়। দু’জনেই কি শেষ পর্যন্ত একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেবেন? রাজবীরের মা কি তাঁদের সম্পর্ক মেনে নেবেন? নাকি বিগ বসের ঘরের বাইরে এসে বদলে যাবে সমীকরণ? আপাতত সেই উত্তর সময়ের হাতেই। প্রেম সত্যি না কি শুধুই রিয়্যালিটি শোয়ের অংশ, তার চূড়ান্ত প্রমাণ মিলবে আগামী দিনে।