মহিলা আইএএস আধিকারিককে যৌন হেনস্থা ও হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে গ্রেপ্তার হলেন অভিনেতা তথা রাজনীতিক সি জোসেফ বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজাগমের (টিভিকে) এক বিধায়ক। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত বিধায়ক সি অরুল ভিগনেশকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। কাল্লাকুরিচির জেলাশাসক জে ই পদ্মজার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে তামিলনাড়ু পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাস থেকেই কাল্লাকুরিচির জেলাশাসক পদ্মজাকে লাগাতার হোয়াটসঅ্যাপে অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে বিধায়ক অরুল ভিগনেশের বিরুদ্ধে। শুধু ব্যক্তিগত বার্তাই নয়, বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানেও ওই মহিলা আধিকারিকের পোশাক ও চেহারা নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী, জেলাশাসকের সঙ্গে অবাঞ্ছিত ঘনিষ্ঠতার চেষ্টা এবং মদ্যপ অবস্থায় তাঁর সরকারি বাসভবনে প্রবেশের চেষ্টার অভিযোগও উঠেছে বিধায়কের বিরুদ্ধে। এই ঘটনায় গত ২৩ নভেম্বর কাল্লাকুরিচি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই আধিকারিক।
অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫, ৭৮, ৭৯ ও ১৩২ নম্বর ধারা এবং তামিলনাড়ুর ‘প্রহিবিশন অব হ্যারাসমেন্ট অব উইমেন অ্যাক্ট’-এর আওতায় মোট পাঁচটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে মাদ্রাজ হাই কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তিরুপুরের পুলিশ সুপার শ্রীষ্টি সিংকে। তদন্তের উপর নজরদারি করছেন আইজি এন কামিনি। ইতিমধ্যেই অভিযোগকারিণী জেলাশাসকের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য ৬০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে চার সদস্যের একটি অভ্যন্তরীণ কমিটিও গঠন করেছে রাজ্য সরকার।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, প্রথম এই অভিযোগের বিষয়টি সামনে আনেন ডিএমকে সাংসদ কানিমোঝি। এরপরই অভিযুক্ত বিধায়কের গ্রেপ্তারের দাবিতে সরব হয় ডিএমকে, এআইএডিএমকে এবং বিজেপির মতো বিরোধী দলগুলি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সমাজমাধ্যমে বার্তা দিয়ে জানান, ওই মহিলা আধিকারিক যতক্ষণ না ন্যায়বিচার পাচ্ছেন, ততক্ষণ ডিএমকে লড়াই চালিয়ে যাবে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন টিভিকে বিধায়ক অরুল ভিগনেশ। তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থে পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এবার সেই তদন্তে কী উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।