হাসপাতালে ভর্তি করেও মিলল না যথাযথ চিকিৎসা! শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল মাত্র দু’মাসের এক শিশুকন্যার। কৃষ্ণনগর সদর হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি ও কর্তব্যে অবহেলার অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার। পরিবারের দাবি, বারবার নার্সদের কাছে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। সময়মতো চিকিৎসকের দেখা মেলেনি। এমনকী, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুকন্যার নাম রসনি কীর্তনিয়া। তার বাবা বিকাশ কীর্তনিয়া ধুবুলিয়ার বনগ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ৫০ মিনিট নাগাদ বমি ও পেটের সমস্যার কারণে রসনিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ছিলেন শান্তনু ঘোষ। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর শিশুটিকে স্যালাইন দেওয়া হয় এবং একটি ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল। কিন্তু এরপর আর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।
বিকাশের অভিযোগ, চিকিৎসক একবার শিশুটিকে পরীক্ষা করার পর আর তাঁর দেখা পাওয়া যায়নি। মেয়ের শারীরিক অবস্থার বিষয়ে জানতে এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য বারবার নার্সদের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও সুরাহা হয়নি। পরিবারের দাবি, চিকিৎসার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও হাসপাতালের তরফে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি শিশুটির শারীরিক অবস্থাকে।
পরিবারের আরও অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে রসনির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি বুঝে তাঁরা শিশুটিকে কলকাতার কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ। এমনকী, মেয়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলেও সন্তোষজনক কোনও তথ্য দেওয়া হয়নি বলে দাবি বাবা বিকাশের।

বিকাশের আরও অভিযোগ, শিশুটির অবস্থা সংকটজনক হয়ে পড়ার পর অক্সিজেনের পাইপ ও মাস্ক বাইরে থেকে কিনে আনতে বলা হয়। হাসপাতালের নির্দেশমতো সেগুলি জোগাড় করে দেন তিনি। কিন্তু সমস্ত চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি দু’মাসের রসনিকে। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
সন্তানকে হারিয়ে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে পরিবার। তাদের দাবি, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় পরিষেবা পেলে হয়তো এমন পরিণতি হত না। চিকিৎসায় গাফিলতি ও কর্তব্যে অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও দাবি জানিয়েছে পরিবার।
তবে পরিবারের আনা অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কৃষ্ণনগর সদর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঠিক কী কারণে শিশুটির মৃত্যু হল এবং চিকিৎসার ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।