৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছনোর নির্দেশ শুভেন্দুর! ব্যর্থ হলে কালো তালিকাভুক্ত ঠিকাদাররা

Spread the love

পশ্চিমবঙ্গে জলজীবন মিশন প্রকল্পের কাজ নিয়ে বড়সড় অনিয়মের অভিযোগ উঠল। সরকারি নথিতে প্রায় ২ লক্ষ ৯৪ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি করা হলেও বাস্তবে বহু বাড়িতেই এখনও জল পৌঁছয়নি বলে অভিযোগ। সরকারি রিপোর্টের সঙ্গে বাস্তব পরিস্থিতির বিস্তর ফারাক দেখে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রশাসনিক সমন্বয় বৈঠক শেষে সংশ্লিষ্ট ঠিকাদারদের কড়া বার্তা দিলেন তিনি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এদিন পশ্চিম বর্ধমান জেলার শিল্প ও পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই জলজীবন মিশন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। শুভেন্দুর কথায়, “জল জীবন মিশন প্রকল্পের কাজে আমি খুশি নই। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা দিতে না পারলে সংশ্লিষ্ট ঠিকাদারদের ব্ল্যাকলিস্টেড করা হবে।” সরকারি রিপোর্টে প্রায় ২ লক্ষ ৯৪ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা উল্লেখ থাকলেও বিধায়কদের কাছ থেকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ভিন্ন তথ্য পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বহু বাড়িতে এখনও জল পৌঁছয়নি।

এদিনের বৈঠকে জেলার শিল্পক্ষেত্রের উন্নয়ন এবং নাগরিক পরিষেবা নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট, কাটমানি, কয়লা ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অমৃত প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মোটের উপর সন্তোষ প্রকাশ করলেও তিনটি দরপত্র চূড়ান্ত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। কেন এখনও ওই দরপত্রগুলি চূড়ান্ত করা সম্ভব হয়নি, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। দ্রুত জট কাটিয়ে পুরসভা ও নগর নিগম এলাকার নাগরিক পরিষেবা স্বাভাবিক করার নির্দেশও দিয়েছেন শুভেন্দু।

জেলার স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুর ও আসানসোলের মাঝামাঝি এলাকায় একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য পশ্চিম বর্ধমানের বহু মানুষকে দেওঘরের এইমসের উপর নির্ভর করতে হচ্ছে। ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার জন্য রাজ্যের তরফে অনাপত্তি সনদ দেওয়া হলেও কর্তৃপক্ষের একাধিক সীমাবদ্ধতা রয়েছে। জরুরি রোগীদের চিকিৎসা করা হলেও সাধারণত ইএসআই কার্ডধারীদের বাইরে অন্য রোগীদের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতির পরিবর্তনেই দুর্গাপুর ও আসানসোলের মধ্যবর্তী এলাকায় অত্যাধুনিক হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে বার্ন ইউনিট, শিশু চিকিৎসা ইউনিট-সহ বিভিন্ন আধুনিক চিকিৎসা পরিষেবা থাকবে। পাশাপাশি ইসিএল ও সেলের অধীনে থাকা হাসপাতালগুলি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুখ্যসচিবের তরফে সেল কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব রাখা হয়েছে। ওই হাসপাতালগুলি রাজ্যের হাতে এলে তিন থেকে চার মাসের মধ্যে এমআরআই, এসএনসিইউ এবং ব্লাড ব্যাঙ্ক-সহ একাধিক আধুনিক পরিষেবা চালু করা সম্ভব বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু। আগামী মার্চ মাসের মধ্যে হাসপাতালটি চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তবে এদিনের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ধসকবলিত এলাকার উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসনের বিষয়টি। তৃণমূল আমলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য যে ফ্ল্যাট তৈরি করা হয়েছিল, সেগুলির নির্মাণের মান অত্যন্ত খারাপ বলে অভিযোগ উঠেছে। অনেক ফ্ল্যাটই বসবাসের উপযুক্ত নয় বলে প্রশাসনিক বৈঠকে জানানো হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট পরিকল্পনাকারী ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের নাম প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন সংক্রান্ত কমিটির কাছে পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, জেলার তিনটি জায়গায় কয়েক হাজার ফ্ল্যাট তৈরি করা হয়েছে। নিম্নমানের নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ফ্ল্যাটগুলি নিয়ে এফআইআর করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির স্থায়ী পুনর্বাসনের জন্য নতুন জমি খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলাশাসককে। প্রয়োজনে জমি কিনে নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, পুনর্বাসনের দাবিতে পরিবারগুলির তরফে প্রত্যেককে আড়াই কাঠা পর্যন্ত জমি এবং ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। এই বিষয়ে পাঁচ লক্ষ টাকা নয়, প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার জন্য ইসিএল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শুভেন্দু। সব মিলিয়ে জলজীবন মিশনের কাজ থেকে শুরু করে স্বাস্থ্য পরিকাঠামো এবং ধসকবলিত এলাকার পুনর্বাসন—পশ্চিম বর্ধমানের একাধিক সমস্যা নিয়ে এদিন প্রশাসনিক বৈঠকে কড়া অবস্থান নিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

Leave a Reply