Abhishek on Kalyan। ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় কটূ কথা বলার, উনি আমায় ছোট থেকে..’

Spread the love

বৃহস্পতিবারই এক বিস্ফোরক বক্তব্যে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করছে। মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক।’ কল্যাণ বলেছিলেন,’ওর জন্য (অভিষেক) চোর স্লোগান শুনতে হচ্ছে! মমতাদিকে বাছতে হবে আমি, না অভিষেক?’ এর ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এল জবাব।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের অভিষেক বলেন,’ যে শীর্ষ নেতারা আমায় নিয়ে কথা বলছেন, আমি বলছি, দলে আলোচনার জায়গা রয়েছে। উল্লেখ করে বলতে পারেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমায় নিয়ে কথা বলেছেন।’ অভিষেকের সাফ কথা,’কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় নিয়ে চারটে কটূ কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমায় মানুষ করেছেন, ছোট থেকে বড় হতে দেখেছেন।’ এরই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমি এই কথাগুলো খারাপভাবে নিই না। ওঁর হয়তো একটা ঘটনা খারাপ লেগেছে, উনি বলেছেন। আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যক্তিগত ক্রোধ, ক্ষোভ নেই। আমি তাঁকে আগেও সম্মান করতাম, আগামীদিনেও করব।’

উল্লেখ্য, ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে একের পর এক নেতা, সাংসদদের ইস্তফার খবর আসছে। বাজছে ভাঙনের সুর। তারই মাঝে বৃহস্পতিবার তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য আসে। এর আগে, অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে অভিষেককে নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। কল্যাণ বলেন, ‘ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও ঔদ্ধত্য যায়নি’। বৃহস্পতিবার সাংবাদিকদের কল্যাণ জনান, বুধবার রাতে তাঁর পুত্রকে জানানো হয়, অন্য আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটির জন্য সওয়াল করবেন। উল্লেখ্য, বিধায়কদের সই জাল মামলায় অভিষেকের হয়ে সওয়াল করছিলেন কল্যাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *