ABVP vs Left at Jadavpur University। ‘দেশদ্রোহী’ বনাম ‘টেররিস্ট’- এবিভিপি ও বাম সংঘাতে উত্তাল JU

Spread the love

ABVP vs Left at Jadavpur University: গেটের বাইরে এবিভিপি, ভিতরে বামেরা- বুধবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গেট বেয়ে ওঠার চেষ্টা করতে থাকেন এবিভিপির প্রতিনিধিরা। দিতে থাকেন স্লোগান। পালটা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে স্লোগান দিতে থাকেন বাম প্রতিনিধিরা। এবিভিপির প্রতিনিধিরা বামপন্থী প্রতিনিধিদের ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করতে থাকেন। আবার বামপন্থী প্রতিনিধিরা পালটা তাঁদের ‘টেররিস্ট’ (জঙ্গি) বলে কটাক্ষ করেন। সবমিলিয়ে ধুন্ধুমার বেঁধে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তীব্র বাদানুবাদ শুরু হয়। তারইমধ্যে গেটে বিশ্ববিদ্যালয়ের যে লোহার প্রতীক ছিল, সেটার একাংশও ভেঙে যায়। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

ABVP-র মিছিল এগিয়ে যায় ব্যারিকেড ভেঙে

আর সেই পুরো ঘটনার সূত্রপাত হয়েছে বুধবার রাতে। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত হয়ে ওঠে এবিভিপি এবং এসএফআইয়ের সংঘর্ষে। তা নিয়ে কর্মসূচির ডাক দেয় দু’পক্ষই। গোলপার্ক থেকে যে এবিভিপির যে মিছিল আসে, তার একাংশ পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়।

 

জাতীয় পতাকা হাতে গেট বেয়ে ওঠার চেষ্টা ABVP-র

প্রাথমিকভাবে যাদবপুর থানার সামনে মিছিল আটকে দেয় পুলিশ। সেইসময় থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে একটি অংশ। অপর অংশ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যায়। আর মিছিলের ওই অংশ বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে মিছিল পৌঁছাতেই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তালা দেওয়া থাকায় গেট বেয়েই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করেন এবিভিপির সমর্থকরা। হাতে ছিল জাতীয় পতাকাও।

আর সেইসময় ভিতরে ছিলেন বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা। দু’পক্ষের মধ্যেই তুমুল বচসা বেঁধে যায়। বামপন্থী প্রতিনিধিরা অভিযোগ করেন, গেটের বাইরে থেকে পাথর, ডিম এবং বোতল ছোড়া হয়েছে। সেইসঙ্গে তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন যে অতীতেও ডানপন্থী শক্তিকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আজও দেওয়া হবে না। পালটা বিশ্ববিদ্যালয় ঢোকার চেষ্টা করতে থাকেন এবিভিপির সমর্থকরা।

বামপন্থীরা ২ ভাগে বিভক্ত হয়ে যাদবপুরের সামনে

এমনিতে আজ যাদবপুরে দু’ভাগে বিভক্ত হয়ে আছেন বাম সংগঠনের প্রতিনিধিরা। একদল আছেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে। অপর একটি দল বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে মিছিল করে এগিয়ে আসার চেষ্টা করতে থাকে। এসএফআইয়ের যে মিছিল হয়, তা মূল রাস্তায় উঠতে দেয়নি পুলিশ। আটকে দেওয়া হয় মূল রাস্তায় ওঠার আগেই। তবে এবিভিপির মিছিল আসার পরে বামেরাও ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *