Annapurna Yojna Form Edit। অন্নপূর্ণার টাকা আটকে? এবার ফর্ম এডিটের সুযোগ দিল রাজ্য সরকার

Spread the love

অন্নপূর্ণা যোজনার আর্থিক ভাতা এখনও অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে আবেদনপত্রে থাকা বিভিন্ন ভুল তথ্য। তবে এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এবার আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে থাকা ভুল সংশোধনের সুযোগ পাবেন। নাম, আধার নম্বর, রেশন কার্ডের তথ্য বা অন্য কোনও প্রয়োজনীয় তথ্য ভুল থাকলে তা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সংশোধন করা যাবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত মাসে বহু উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছালেও চলতি মাসে অনেকের অ্যাকাউন্টে আর্থিক অনুদান জমা পড়েনি। তদন্ত করে দেখা গিয়েছে, অনেক মহিলা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের স্বামীর বা অন্য কোনও পুরুষ আত্মীয়ের নাম রয়েছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। সেই কারণে এই ধরনের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। এমন আবেদনকারীদের নতুন করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, আবেদনপত্রে ভুল সংশোধনের জন্য প্রথমে অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট সরকারি পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল, সেই নম্বর দিয়ে লগ-ইন করতে হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে লগ-ইন সম্পূর্ণ হলে আবেদনকারীরা নিজেদের আবেদনপত্রের বর্তমান স্টেটাস দেখতে পারবেন।

যদি আবেদনপত্রে নামের বানান, আধার নম্বর, রেশন কার্ডের তথ্য, ব্যাঙ্কের বিবরণ বা অন্য কোনও প্রয়োজনীয় নথিতে ভুল থাকে, তাহলে সংশ্লিষ্ট তথ্য সংশোধন করে নতুন নথি আপলোড করা যাবে। সমস্ত তথ্য ঠিকভাবে আপডেট করার পর ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই সংশোধিত আবেদন জমা পড়বে। এরপর প্রশাসনের পক্ষ থেকে সেই আবেদন পুনরায় যাচাই করা হবে।

এদিকে, রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, সামান্য ভুলের কারণে যাতে কোনও যোগ্য আবেদনকারী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাঁদের আবেদনপত্রে ছোটখাটো ত্রুটি রয়েছে, তাঁদের আবেদন বাতিল না করে পুনরায় যাচাই করা হবে। প্রশাসনের আধিকারিকরা প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের তথ্য ও নথি মিলিয়ে দেখবেন।

সরকার জানিয়েছে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদন যাচাইয়ের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে উপযুক্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাঠানো হবে। একই সঙ্গে যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁদের জন্যও সুযোগ রাখা হয়েছে। আগামী অগস্ট মাস পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করা যাবে।

প্রশাসনের আশা, আবেদনপত্র সংশোধনের এই সুযোগের ফলে বহু উপভোক্তার সমস্যা দূর হবে এবং শুধুমাত্র নথিগত ভুলের কারণে কেউ যাতে মাসিক ৩,০০০ টাকার আর্থিক সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা সম্ভব হবে। ফলে যাঁদের এখনও টাকা আসেনি, তাঁদের দ্রুত আবেদনপত্রের তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *