Aroop Biswas in Messi Case। নিজে ‘হ্যাটট্রিক’ করে মেসি-কাণ্ডে থানায় হাজিরা অরূপের

Spread the love

Aroop Biswas in Messi Case: সোমবার ‘হ্যাটট্রিক’ করেছিলেন নিজে। মঙ্গলবার হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। আর বিশ্বকাপের মঞ্চে মেসির হ্যাটট্রিকের পরদিনই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আজ সকাল ৯ টা ৫৬ মিনিট নাগাদ পুলিশের দুয়ারে পৌঁছে যান প্রাক্তন বিধায়ক। সটান ঢুকে যান থানার মধ্যে। আর সেই দৃশ্য দেখার পরে ভারতে মেসির ‘GOAT’ ট্যুরের আয়োজক তথা অভিযোগকারী শতদ্রু দত্ত দাবি করেছেন, আইন কাউকেই ছাড়ে না। এবার সঠিকভাবে তদন্ত হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে শতদ্রু জানিয়েছেন, তিনি সবরকমভাবে তদন্তে সহযোগিতা করবেন। যদি পুলিশ মনে করে যে অরূপের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে, তাতেও রাজি আছেন বলে জানিয়েছেন শতদ্রু।

‘২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নিয়েছিলেন অরূপ’

যে শতদ্রুর অভিযোগের ভিত্তিতেই অরূপকে একাধিকবার তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তিনি দাবি করেন, ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে কম্প্লিমেন্টারি টিকিট ও অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছিলেন অরূপ। হুমকি দিয়েছিলেন যে যদি তাঁর দাবিপূরণ করা না হয়, তাহলে মেসির অনুষ্ঠানই হবে না কলকাতায়। সেই পরিস্থিতিতে জোর করে ২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর চড়া দামে কালোবাজারে বেচে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন শতদ্রু।

মেসির টিম দায়ী করেছে অরূপকেই

যদিও তিনবার সেই সমন এড়িয়ে যান অরূপ। তাতে একটি মহলে জল্পনা তৈরি হয়, তাহলে কি গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে? বিশেষত মেসির টিমের তরফে পুলিশকে যে মেল করা হয়েছে, তাতে আলোচনার বহর আরও বেড়ে যায়। ফুটবল রাজপুত্রের টিমের তরফে অভিযোগ করা হয়, মেসিকে বারবার স্পর্শ করছিলেন অরূপ। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে যে বিশৃঙ্খলা হয়েছিল, সেজন্য তৎকালীন ক্রীড়ামন্ত্রীকেই দায়ী করা হয়।

৫৩৮ কোটি টাকার ‘বোমা’ অরূপের

সেইসবের মধ্যে ‘বোমা’ ফেলেছেন অরূপ। সূত্রের খবর, ব্যাঙ্কে চিঠি দিয়ে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন জানিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যিনি তৃণমূলের কোষাধ্যক্ষ পদে আছেন। তিনি দাবি করেছেন, বর্তমানে তৃণমূলের অবস্থা শোচনীয়। লোকসভার ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন বিদ্রোহী ঘোষণা করেছেন। আবার বিদ্রোহী তালিকায় আছেন ৫৮ জন বিধায়ক। সেই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে টালবাহানা শুরু হয়েছে। তাই আপাতত তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছেন অরূপ। যে অ্যাকাউন্টে ৫৩৮ কোটি টাকা আছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *