ধীরে ধীরে বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে, ২০২৬ দুর্গাপুজোর কাউন্টডাউন। সামনেই রথযাত্রা। আর রথযাত্রা মানেই দিকে দিকে পুজো কমিটিগুলির খুঁটিপুজো। এরই মাঝে পুজো কমিটির থিম এই বছর কী, তা নিয়ে থেকেই যায় জল্পনা। কলকাতার তাবড় পুজো কমিটিগুলির মধ্যে অন্যতম সুরুচি সংঘ। আর সুরুচি সংঘের পুজো মানেই এতকাল অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের নাম শোনা যেত। তবে চলতি বছরে সুরুচি সংঘের পুজোয় কমিটিতে নেই অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাস।
রাজ্যে বিধানসভা ভোটের পর থেকে পাল্টেছে সরকার, পাল্টেছে শাসকদল। রাজ্য রাজনৈতিক আঙিনায় একাধিক পরিবর্তন দেখা গিয়েছে। তারই মাঝে গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসকে ঘিরেও জনরোষের ছবি প্রকাশ্যে আসে। এই সমস্ত কিছুর পর, এবার খবরে ফের ‘বিশ্বাস ব্রাদার্স’। সুরুচি সংঘের পুজোয় দীর্ঘদিন প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই পুজোয় সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন অরূপের ভাই স্বরূপ বিশ্বাসও। তাঁদের দুজনকেই এই পদ থেকে সরানো হয়েছে। সেই জায়গায় ক্লাবের সম্পাদক করা হয়েছে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে।
২০২৬ সালের সুরুচি সংঘের দুর্গাপুজো, আগের নির্ধারিত জায়গাতেই হবে। পুজোর আয়োজন ও প্রস্তুতিতে কোনও পরিবর্তন না এলেও কমিটির কাঠামোয় বড়সড় রদবদল হয়েছে। সুরুচি সংঘ তার নতুন যে পুজো কমিটি ঘোষণা করেছে, তাতে অরূপ, স্বরূপের না থাকার ঘটনা কেড়েছে শিরোনাম। জানা যায়, স্বরূপের গ্রেফতারির পরেই বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে সুরুচি সঙ্ঘ ক্লাবে আছড়ে পড়ে ক্ষোভ! প্রসঙ্গত, এর আগে, ক্লাবঘরে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে তল্লাশি। ক্লাবঘর ও পুজো প্রাঙ্গনের পাশের ঘর-সহ একাধিক জায়গায় তালা ভেঙে উদ্ধার হয় বহু নথি। সেদিন ক্লাবের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্লাবেই হদিশ মেলে ফার্স্ট ক্লাস বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমের। সেই ঘটনার পর এবার সুরুচি সংঘের পুজো কমিটি থেকে বাদ পড়লেন অরূপ ও স্বরূপ।
