Kolkata Night Bus Services। কলকাতায় রাতেও চলবে সরকারি বাস

Spread the love

Kolkata Night Bus Services: একটু রাত হলেই কলকাতার কার্যত বাসের দেখা পাওয়া যায় না। রাত বলতে ১২ টা বা একটাও নয়, রাত ন’টা থেকেই কলকাতার রাস্তায় বাস কার্যত উধাও হয়ে যায়। তার জেরে রীতিমতো সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। নাহলে বেশি টাকা দিয়ে ট্যাক্সি বা বাইকে করে ফিরতে হয় বাড়িতে। সেই পরিস্থিতিতে কলকাতায় ‘নাইট বাস সার্ভিস’ ফিরিয়ে আনতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ সারারাত বাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে।

রাতভর জেগে থাকবে কলকাতার পরিবহণ ব্যবস্থা

পরিবহণ দফতরের আধিকারিকরা দাবি করেছেন, মুম্বইয়ের মতো কলকাতা যাতে সারাদিন জেগে থাকে, সেই চেষ্টা করছে রাজ্য সরকার। অর্থাৎ সারাদিন ধরে সচল থাকবে মহানগরীর অর্থনীতি। ঘুমিয়ে পড়বে না কলকাতা। আর সেটার জন্য রাতে গণপরিবহণ চালাতে হবে। রাতের রাস্তায় যদি বাস বা গণপরিবহণ না পাওয়া যায়, তাহলে মূল্য উদ্দেশ্যই পূরণ হবে না। সেজন্যই কলকাতায় ফের রাতের বাস পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার।

বিষয়টি নিয়ে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে মজবুত করে রাতের বাস পরিষেবা ফিরিয়ে আনা হচ্ছে। যে বিনিয়োগ কমিটি গড়া হয়েছে, তা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।

কাদের কাদের লাভ হবে?

সেই রেশ ধরে পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, রাতে বাস চলাচলে নাইট শিফটে কর্মরতের অনেকটাই লাভ হবে। বিশেষত যাঁরা তথ্যপ্রযুক্তি সেক্টর, স্বাস্থ্য, পরিষেবা প্রদানের ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা লাভবান হবেন। ওইসব ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যবসার বহরও বাড়বে বলে আশাবাদী পরিবহণ দফতরের আধিকারিকরা।

 

কলকাতায় ‘সোনার বাস’ পর্যন্ত চালানো যেত, দাবি মন্ত্রীর

তারইমধ্যে মঙ্গলবার ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এস-১১বি বাস পরিষেবা উদ্বোধনের সময় পরিবহণ মন্ত্রী দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে চূড়ান্ত পর্যায়ে দুর্নীতি হত। বিক্রি করে দেওয়া হত সরকারি বাসের জিনিসপত্র। সেইসব চুরি রোখা গেলে কলকাতায় ‘সোনার বাস’ পর্যন্ত চালানো যেত বলে দাবি করেছেন পরিবহণ মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *