Baba Ramdev on Gen Z: অনেক জেনজি ভালো কাজ করছেন। কিন্তু কারও কারও ‘চরিত্র’ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাবা রামদেব। তিনি বলেন, ‘কত বাচ্চা আছে, কত যুবপ্রজন্মের (প্রতিনিধি) আছে, কত জেনজি আছে, যারা খুব ভালো কাজ করছে। কত লোক হাঙ্গামাও করছে। এক-এক ছেলের, এক-এক মেয়ের ১০টা-১০টা করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডও আছে। কেউ কেউ বিড়ি, সিগারেট, মদও খাচ্ছে। আমি বলছি, যেটা খারাপ, সেটা দূর করো। ভালো বিষয়কে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। আর এক অপরের প্রতি ঘৃণা করবে না।’
‘কারও কারও ধারণা, ভারতে নাকি ভালো কিছুই ঘটছে না’, কটাক্ষ রামদেবের
আর তিনি সেই মন্তব্য করেছেন উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে। তিনি বলেন, ‘কারও কারও ধারণা, ভারতে নাকি ভালো কিছুই ঘটছে না; দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এঁরা আসলে তাঁরাই, যাঁরা রাজনৈতিকভাবে নিজেরাই দেউলিয়া হয়ে পড়েছেন এবং হুট করে একলাফে প্রধানমন্ত্রীর গদি দখল করার দিবাস্বপ্ন দেখছেন… দেশ যদি আপনাকে প্রধানমন্ত্রী বানাতেই চায়, তবে একটু ধৈর্য ধরুন।’
‘দেশে যা ভালো হচ্ছে, তারও প্রশংসা করুন’, বার্তা রামদেবের
তিনি আরও বলেন, ‘দেশ যদি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়, তবে (সেটার জন্য) কিছুটা ধৈর্য ধরুন। দেশে যেন জাতি বা বর্ণ একে অপরের বিরুদ্ধে লড়াই না করে এবং জাতি, শ্রেণি বা সম্প্রদায়ের নামে যেন ঘৃণা ছড়িয়ে না পড়ে – সেদিকে খেয়াল রাখবেন। আর মনে রাখবেন, রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক হলেও শাসক ও বিরোধী পক্ষের মধ্যে কোনও শত্রুতা থাকা উচিত নয়।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘দেশে যা ভালো হচ্ছে, সেটা প্রশংসাও করে নিন। কৃষি, শিল্প, অর্থনীতি-সহ প্রতিটি ক্ষেত্রে ভালো হচ্ছে দেশে।’

জেনজি’দের আন্দোলনের তকমা
তিনি সেইসব মন্তব্য করেছেন দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের কয়েকদিন পরেই। যে বিক্ষোভ জেনজি’দের আন্দোলনের তকমা পেয়েছে। সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন চলে। পরবর্তীতে ইস্তফা দেন ধর্মেন্দ্র।