Babughat-Mayafur Ferry and Tourism। বাবুঘাট থেকে ফেরিতে মায়াপুর

Spread the love

Babughat-Mayafur Ferry and Tourism: বাবুঘাট থেকে ফেরিতে চেপেই পৌঁছে যাবেন মায়াপুরে – রাজ্য সরকারের তরফে সেই পরিকল্পনা করা হল। রাজ্যের ধর্মীয় ও হেরিটেজ পর্যটনের উপরে জোর দিতে ওই রুটে দুটি হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক ফেরি চালানো হবে। তাছাড়াও হুগলির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরার জন্যও বিশেষ রুটে ভেসেল চালানোর ব্লু-প্রিন্ট তৈরি করছে রাজ্য। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে এবং ‘গঙ্গার তীরবর্তী ছোট্ট ইউরোপ’-র ঐতিহ্যকে তুলে ধরতে ব্যারাকপুর, শ্রীরামপুর, চন্দননগর, ব্যান্ডেলকে সংযুক্ত করেও বিশেষ ভেসেল চালানো হবে।

বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরকে সংযুক্ত করা হবে জলপথ পরিবহণে

পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে যে অঞ্চলে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, সেখানে জলপথের পর্যটনের বিকাশের উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার। একইভাবে বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরের মতো নদীতীরে অবস্থিত ধর্মীয়স্থানকেও জলপথ পর্যটনের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

 

অন্নপূর্ণা মন্দির, হংসেশ্বরী মন্দির ধরে পর্যটনের ডেডিকেটেড সার্ভিস

আবার হুগলি নদীর জলপথ ধরে ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি আছে, সেগুলিকে সংযুক্ত করেও একটি ডেডিকেটেড ট্যুরিজম সার্কিট গড়ে তোলার তোড়জোড় করছে রাজ্য সরকার। ওই প্রস্তাবিত রুটে অন্নপূর্ণা মন্দির, হংসেশ্বরী মন্দির, দক্ষিণেশ্বর, বেলুড় মঠের মতো জায়গাকে রাখা হবে।

একইভাবে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস-সমৃদ্ধ জায়গাগুলিকে সংযুক্ত করার পরিকল্পনা চলছে। সবমিলিয়ে হুগলি নদীকে ঘিরে যে জলপথ পর্যটনের বিশাল সুযোগ আছে, তার সদ্ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। ভবিষ্যতের দিকে তাকিয়ে ওইসব রুটে যে ভেসেল চালানো হবে, সেগুলি পরিবেশ-বান্ধবও হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

ব্যারাকপুরে ‘উৎসধারা’ পার্ক, তুলে ধরা হবে স্বাধীনতার ইতিহাস

তারইমধ্যে ব্যারাকপুরে ‘উৎসধারা’ পার্ক গড়ে তুলতে চলেছে পর্যটন দফতর। সেখানে তুলে ধরা হবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ব্রিটিশ আমল থেকে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ইতিহাস লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে তুলে ধরারও পরিকল্পনা করা হয়েছে পর্যটন দফতর সূত্রের খবর। পর্যটন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দুর্গাপুজোর আগেই যাতে সেই পার্ক চালু করে দেওয়া যায়, সেই চেষ্টা করছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *