Bangladesh Govt on WB Vote Result। পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের প্রভাব পড়বে ভারত-বাংলাদেশ সম্পর্কে?

Spread the love

B’desh Govt on WB Vote Result: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপির জয়ে বাংলাদেশের একাংশের যেন ঘুম উড়ে গিয়েছে। জামাতে ইসলাম থেকে শুরু করে এনসিপির নেতারা এই নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। এই আবহে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করা হয়, পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের জেরে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে এগোবে? এই প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। কোনও নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না।’

এদিকে পশ্চিমবঙ্গে ‘মুসলিমদের ওপর অত্যাচার’ নিয়ে ভুয়ো ভিডিয়ো ছড়ানো হচ্ছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে ভারত বিরোধিতার সুর চড়েছে সেখানে। এই ইস্যুতে এবার মুখ খুললেন সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এই ধরনের ঘটনার কোনও সত্যতা পাওয়া যায়নি। এর জেরে বাংলাদেশেও কোনও নেতিবাচক প্রভাব এখনও পড়েনি।’ তিনি জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ নিয়ে বাংলাদেশে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন এনসিপি নেতা তথা ইউনুসের সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া। ভারতের বিরুদ্ধে সাত দফার দাবিতে ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে প্রয়াত ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ। এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাতে পারব না।’ আবার বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী তথা মুক্তিযোদ্ধা অলি আহমেদ আজব মন্তব্য করে বলেন, শুভেন্দু নাকি হাসিনার পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এই আবহে ফের দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তারেক রহমান সরকার সেই টানাপোড়েন চাইছে না বলেই ইঙ্গিত সালাহউদ্দিনের কথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *