বাংলাদেশের বগুড়ার মোকামতলা উপজেলায় একই রাতে পরপর তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় স্থানীয়রা মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানছগাড়ি মহাশ্মশানের শিব মন্দির, কানছগাড়ি শীতলা মন্দির এবং কালী মন্দিরে থাকা প্রতিমাগুলিতে ভাঙচুর চালানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা।
কানছগাড়ি মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল জানান, প্রতি মাসের মতো শনিবার সকালে তাঁর স্ত্রী পূজার জন্য মন্দিরে গেলে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। এরপরই বিষয়টি স্থানীয় প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদকে জানানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মোকামতলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত মন্দিরগুলি ঘুরে দেখেন এবং মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজ নেন।
শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত বলেন, কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। বিষয়টি জানার পর তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস হোসেন জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। ঘটনার পর এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
