বাংলাদেশে ফের একটি হিন্দু নিধনের ঘটনা ঘটল। এবার এক কোচিং সেন্টারের পরিচালককে ছুরি মেরে খুন করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। নিহত ব্যক্তির নাম চয়ন রাজভর। তিনি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই নয়নসহ দুজন। দাবি করা হচ্ছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে চয়নকে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে মূল অভিযুক্তরা পলাতক। তাদের ধরতে পারেনি পুলিশ।
জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে চয়নের সঙ্গে বিবাদ ছিল শাহিন ফকিরের। এই আবহে ৬ মার্চ রাতে জমি নিয়ে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়। সেই সময় শাহিন ফকির এবং তার ছেলেরা নাক ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় চয়নের ওপরে। চয়নের বুকে ছুরিকাঘাত করা হয়। সেই সময় চয়ন লুটিয়ে পড়ে। এদিকে ঝামেলার সময় সেখানে ছিলেন চয়নের ভাই নয়ন। তিনিও গুরুতর জখম হয়েছেন। মারামারিতে জখম হয়েছে আমিনুর ফকির নামে বিরোধী পক্ষের একজনও।
এদিকে জখম চয়নকে দ্রুত সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণ করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে নয়নকে চিকিৎসার জন্য বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর রাতেই ঘটনাস্থলে গিয়েছেন সহকারী পুলিশ সুপার এবং স্থানীয় থানার পুলিশ কর্তারা। নিহত চয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত শাহিন ফকির ও তার ছেলেদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
