BNP Leader on Farakka Dam। ‘কী দরকার ছিল এই ফারাক্কা বাঁধের?

Spread the love

ফারাক্কা বাঁধ তৈরি করা নিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিএনপি নেতা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভি। তিনি দাবি করেন, শুধুমাত্র কলকাতা পোর্ট বা কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য ভারত সরকার ফারাক্কা বাঁধ নির্মাণ করে। এরই সঙ্গে তাঁর আরও দাবি, নীতীশ কুমার নাকি এই ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার কথা বলেছিলেন।

ভারতের উদ্দেশে রিজভি বলেন, ‘বাংলাদেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন, এ দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন। রেখেছেন, সত্যি কথা। কিন্তু আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না। তিন বছর, সাড়ে তিন বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন, যে বাঁধে আমাদের ভয়ঙ্কর রকমের পরিবেশগত ও ইকোলজিক্যাল প্রতিক্রিয়া হচ্ছে। এভাবে একটা দেশের ক্ষতি করে দেবেন? নিশ্চয়ই আমাদের প্রতিবেশীদের সাথে সৎ প্রতিবেশীসুলভ সুসম্পর্ক থাকবে, কিন্তু সেটা হতে হবে সমান মর্যাদার ভিত্তিতে। এই আবহে প্রশ্ন উঠবেই, কী দরকার ছিল ফারাক্কা বাঁধের? কেন আপনারা এটা পরীক্ষামূলকভাবে চালু করতে গেলেন? কেন আপনারা ফারাক্কা ব্যারেজ করতে গেলেন? কী দরকার ছিল আপনাদের?’

বিএনপি নেতা নিজেই বলেন, ব্রিটিশ আমলের শেষ দিক থেকে কথাটা উঠছিল যে গঙ্গার উপর একটা ব্যারেজ করতে হবে। এটা করতে ৫০-এর দশক, ৬০-এর দশক থেকে উদ্যোগ শুরু হয়। এরপর তিনি দাবি করেন, নীতীশ কুমারের সরকার নাকি এই বাঁধ ভেঙে দেওয়ার পক্ষে সওয়াল করেছিল। তিনি বলেন, ‘ভারতের ভেতর থেকেই বলা হয়েছে যে ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের ওপরই বিরূপ প্রভাব ফেলছে না বা ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে, বিরূপ প্রভাব ফেলছে। বিহার ডুবে যাচ্ছে, অসমে বন্যা হচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। নীতীশ কুমার স্পষ্টভাবে তাঁর বক্তব্যে বলেছেন- ফারাক্কা বাঁধ তুলে ফেলো, সরিয়ে ফেলো, ভেঙে ফেলো। কিন্তু কেউ কর্ণপাত করেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *