Bollywood King Shah Rukh Khan 61st Birthday
বলিউডের বাদশার জন্মদিন বলে কথা! প্রিয় তারকার বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে কোনও খামতি রাখেননি অনুরাগীরা। ২ নভেম্বর ৬১ বছরে পা দিলেন (Super Star King Khan) শাহরুখ খান। সকাল থেকেই মুম্বইয়ে তাঁর বাড়ি মান্নতের বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত। একবার প্রিয় তারকার দর্শন পাওয়ার আশাতেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন তাঁরা। তবে জন্মদিনের সন্ধ্যায় অনুরাগীদের জন্য অন্য পরিকল্পনা ছিল কিং খানের। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে মান্নত ছেড়ে দক্ষিণ মুম্বইয়ের তাজ হোটেলে পৌঁছে যান অভিনেতা।
রিপোর্ট অনুযায়ী, গভীর রাত পর্যন্ত চলে জন্মদিনের উদযাপন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, সোমবার ভোর পর্যন্ত হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিল শাহরুখের বিলাসবহুল গাড়ি। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খানও। বাবার বিশেষ দিনে তাঁরাও উদযাপনে যোগ দিয়েছিলেন বলে খবর। তবে খুব একটা প্রচারের আলোয় না এসেই হোটেল ছেড়ে বেরিয়ে যান তাঁরা।
ভক্তদের ভালোবাসার জবাব দিলেন শাহরুখ
জন্মদিনের রাতে পরিবারের সঙ্গে সময় কাটালেও অনুরাগীদের নিরাশ করেননি শাহরুখ (Super Star King Khan)। হোটেল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। চারপাশ থেকে ভেসে আসে ‘আই লাভ ইউ’ ধ্বনি। পালটা হাত নেড়ে এবং ফ্লাইং কিস ছুড়ে তাঁদের ভালোবাসার জবাব দেন অভিনেতা। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের ফ্যান ক্লাব ‘শাহরুখ খান ওয়ারিয়র্স’ এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে লেখে, ‘অবশেষে জন্মদিনের ছেলেটির দেখা মিলল। সামান্য একটুখানি হাত নাড়া, অথচ তাতেই উপচে পড়ল আনন্দ। শুভ জন্মদিন কিং খান!’
মন্নতকে বিশাল পর্দায় বদলে দিলেন কিং খান
শুধু নিজের জন্মদিন উদযাপন নয়, অনুরাগীদের জন্যও বিশেষ চমক রেখেছিলেন শাহরুখ। তাঁর বাড়ি মান্নতকে কার্যত বিশাল পর্দায় পরিণত করা হয়েছিল। সেখানে দেখানো হয় তাঁর আগামী ছবি ‘কিং’-এর ঝলক। রিপোর্ট অনুযায়ী, ছবিতে দীপিকা পাড়ুকোনের উপস্থিতিতে একটি নতুন গানও দেখানো হয়। পাশাপাশি ভক্তদের জন্য ছিল শাহরুখের নিজের হাতে লেখা একটি বিশেষ বার্তা।

Bollywood King Shah Rukh Khan 61st Birthday
Tag: King Shah Rukh Khan Birthday | Entertainment
Follow Us on: YouTube